মাগুরা জেলা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক আলী আহমেদ, সদস্যসচিব মনোয়ার

আলী আহমেদ ও মনোয়ার হোসেন খানছবি: সংগৃহীত

মাগুরা জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আলী আহমেদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্যসচিব করে ১১ সদস্যবিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ৯ জন। তাঁরা হচ্ছেন আখতার হোসেন, আহসান হাবিব, ফারুকুজ্জামান ফারুক, খান হাসান ইমাম, রোকুনুজ্জামান, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, শাহেদ হাসান ও পিকুল খান।

গত ১২ সেপ্টেম্বর মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় বিএনপি। তিন মাস পর আবারও আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো। মাগুরা জেলা বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৯ সালের ২৬ আগস্ট ৩৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। বিএনপি নেতা আলী আহমেদ এ কমিটির আহ্বায়ক এবং আখতার হোসেন সদস্যসচিবের দায়িত্বে ছিলেন। গঠনতন্ত্র অনুযায়ী, এ কমিটির মেয়াদ ছিল ৯০ দিন। বিএনপি নেতারা বলছেন, ২০১৪ সাল থেকে এ নিয়ে চতুর্থবারের মতো জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

মাগুরা জেলা বিএনপির নতুন ঘোষিত আহ্বায়ক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পাওয়া নিয়ে মনোয়ার হোসেন খান আজ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক প্রতিকূল পরিবেশের কারণে গত ১০ বছরে আমরা সম্মেলন আয়োজন করতে পারিনি। কেন্দ্র থেকে আমাদের ৯০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এখন আমাদের প্রথম কাজ আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করা। এরপর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের পর সম্মেলন করে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা।’