নোয়াখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
নোয়াখালীর সেনবাগ উপজেলার পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ কাদরা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুর নাম মনির হোসেন (৪)। সে একই গ্রামের ছেলামত উল্লার বাড়ির আমির হোসেনের ছেলে।
স্থানীয় কাদরা হামিদিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, সকালে পরিবারের সদস্যদের অগোচরে মনির হোসেন বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে মনিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী প্রথম আলো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি জেনেছেন। তবে এ বিষয়ে পরিবারের কেউ থানায় কিছু জানাননি।