ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

ভোলার দৌলতখান উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চরখলিফা ইউনিয়নের দলিলুদ্দিন খান বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষকের নাম মো.আবুল খায়ের (৩৬)। তিনি উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের নূরমিয়াহাট এলাকার মো. সামছুল ইসলামের ছেলে। তিনি উপজেলার চরপাতা ইউনিয়নের বায়তুল ফালাহ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজ সকালে মোটরসাইকেল চালিয়ে আবুল খায়ের মাদ্রাসা যাচ্ছিলেন। দলিলুদ্দিন খান বাজারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে।