ফল বিক্রি করে সংসার চালাতে পারছেন না ইসমাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন ইসমাইল। দুই বছর আগে এক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারান তিনি। এখন ফল বিক্রি করে অনেক কষ্টে সংসার চালান তিনি। সম্প্রতি পদ্মার তীরের শরীয়তপুরের কেদারপুর এলাকায়
ছবি: প্রথম আলো

২০১৮ সালে পদ্মার ভাঙনে ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত হন শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর ইউনিয়নের বাসিন্দা ইসমাইল মাতবর (৫৫)। ২০২০ সালে দুর্ঘটনায় হারিয়েছেন কর্মক্ষমতা। অসহায় ইসমাইল এখন অসুস্থ শরীর নিয়ে পদ্মা নদীর তীরে বসে দেশি ফল বিক্রি করেন। অল্প আয়ে সংসার চালানোর পাশাপাশি চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন ইসমাইল।

নড়িয়ার কেদারপুর গ্রামে ইসমাইল মাতবরের বাড়ি ছিল। তবে ২০১৮ সালে পদ্মার ভাঙনে ৮ শতাংশ জমিসহ বাড়িটি বিলীন হয়ে গেছে। পরে ইসমাইল পরিবার নিয়ে আশ্রয় নেন পাশের লস্করবাড়ির বাগানে। সেখানে ছাপড়া তোলেন।

ইসমাইল আগে দিনমজুরের কাজ করতেন। তাঁর স্ত্রী জুলেখা বাড়িতে গবাদিপশু ও হাঁস-মুরগি লালন-পালন করতেন। দুজনের আয়ে বেশ ভালোই চলছিল সংসার। তবে নদীভাঙনের পর সবকিছু তছনছ হয়ে যায়। ইসমাইল-জুলেখার তিন মেয়ে আর এক ছেলে। এর মধ্যে বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ের বয়স ১৩ বছর আর ছেলের বয়স ১২ বছর। তারা দুজনই আগে স্কুলে যেত। তবে আর্থিক টানাপোড়নে তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে।

২০১৮ সালের ভাঙনে স্থানীয় তিনটি বাজার ও সাড়ে পাঁচ হাজার বাড়িঘর বিলীন হলে এলাকায় কাজের সংকট দেখা দেয়। তখন ইসমাইল নৌযান থেকে মালামাল নামানোর কুলির কাজ শুরু করেন। ২০২০ সালে নৌযান থেকে মালামাল নামাতে গিয়ে অসাবধানতাবশত ঘাড়ে ও মেরুদণ্ডে আঘাত পান। দীর্ঘ ছয় মাস হাসপাতালে থেকে চিকিৎসা নিতে গিয়ে ঋণ করেন তিনি। এর পর থেকে ইসমাইল আর কোনো কাজ করতে পারেন না। দিশাহারা ইসমাইল পরে কেদারপুরে পদ্মার তীরে বসে দেশি মৌসুমি ফল বিক্রি শুরু করেন। তবে ওই স্থানে তেমন লোকসমাগম হয় না। ফলে বেচাকেনাও তেমন ভালো নয়।

ইসমাইলের বড় মেয়ে সোনিয়া আক্তার তাঁর স্বামী ও তিন সন্তান নিয়ে থাকেন কেদারপুরে। তাঁরা স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ভিজিডি প্রকল্পের খাদ্যসহায়তা হিসেবে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পান। সেখান থেকে সোনিয়া তাঁর বাবা-মাকে ১৫ কেজি করে চাল দেন।

নদীভাঙনে নিঃস্ব হয়ে পড়েছেন ইসমাইল। দুই বছর আগে এক দুর্ঘটনায় কর্মক্ষমতা হারান তিনি। এখন ফল বিক্রি করে অনেক কষ্টে সংসার চালান তিনি। সম্প্রতি পদ্মার তীরের শরীয়তপুরের কেদারপুর এলাকায়
ছবি: প্রথম আলো

জুলেখা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব ছিলাম। কিন্তু সংসারে কোনো অভাব ছিল না। পদ্মা নদীর ভাঙন আমাদের নিঃস্ব করেছে। অভাব এখন আমাদের সঙ্গী। মানুষটা (ইসমাইল) অসুস্থ। টাকার অভাবে চিকিৎসা করাতে পারি না। তিনি সুস্থ থাকলে আমাদের কোনো অভাব হতো না। এ অসুস্থ শরীর নিয়েই নদীর পাড়ে বসে থাকে দুটা টাকার জন্য। জানি না আল্লাহ আমাদের এ অবস্থার পরিবর্তন করবেন কি না।’

ইসমাইল মাতবর বলেন, ‘আগে সংসার ভালোই চলত। সন্তানদের পড়াশোনা করাতে পারতাম। কারও কাছে হাত পাততে হতো না। তাই কখনো সহায়তার জন্য ইউনিয়ন পরিষদে যেতাম না। নদীভাঙনে নিঃস্ব হয়েছি। দুর্ঘটনায় অচল হয়েছি। কারও সাহায্য ছাড়া হাঁটাচলা করতে পারি না। বউয়ের সাহায্য নিয়ে ফল বিক্রি করতে যাই। কিন্তু বেচাকেনার অবস্থা ভালো নয়। ডাক্তার বলেছেন, উন্নত চিকিৎসা করালে সুস্থ হতে পারব। কিন্তু আমি কোথায় পাব টাকা? ওষুধ কেনারই টাকা নেই।’

জানতে চাইলে কেদারপুর ইউপির চেয়ারম্যান মিহির চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘নদীভাঙনে কেদারপুর ইউনিয়নের বহু মানুষ সর্বস্বান্ত হয়েছে। অসংখ্য মানুষ এমন দুঃখকষ্টে জীবন পার করছে। আমরা তাদের পাশে থাকার চেষ্টা করছি। তবে আমি নতুন চেয়ারম্যান। তাই সহায়তা দেওয়ার ক্ষেত্রে আগের তালিকা পরিবর্তন করতে পারিনি। নতুন কোনো নামও অন্তর্ভুক্ত করতে পারিনি। তাই ইসমাইল মাতবরকে এই মুহূর্তে কোনো প্রকল্পের সহায়তা দিতে পারছি না। তবে তাঁকে ভবিষ্যতে সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে।’