লোহাগাড়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শ্রমিকের
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাতটার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি মিঠার দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে অন্তত এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
হতাহত ব্যক্তিদের সবাই ট্রাকের চালক, চালকের সহকারী ও ট্রাকের শ্রমিক। নিহত ব্যক্তির নাম মফিজ মোল্যা (৩০)। তিনি ভোলার বাসিন্দা ও ট্রাকটির শ্রমিক। আহত ব্যক্তিদের মধ্যে ট্রাকচালক আবদুল মান্নানের (৩৫) অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানা–পুলিশ ও লোহাগাড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাবরিনা রাব্বি প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই মফিজ মোল্যার মৃত্যু হয়। আহত ব্যক্তিদের মধ্যে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। তাঁরা শঙ্কামুক্ত।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘন কুয়াশা ও মহাসড়কের তীক্ষ্ণ বাঁকের ফলে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।