বিএনপির ১০ দফা দুর্নীতিবাজ, জঙ্গি ও রাজাকার মুক্তির আবদার: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে
ছবি: প্রথম আলো

ঢাকায় গণসমাবেশ থেকে বিএনপির ঘোষণা করা ১০ দফা দাবির প্রসঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির দাবিগুলো সংবিধান কবর দেওয়ার ষড়যন্ত্র। এগুলো দুর্নীতিবাজ, চিহ্নিত জঙ্গি ও রাজাকারদের মুক্তির আবদার। এই ১০ দফা মিথ্যার দলিল, চক্রান্তের ও অপরাধীদের রক্ষার দলিল।

আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাসদের সভাপতি।

এ সময় সেখানে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কারশেদ আলমসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির ১০ দফা দাবি প্রত্যাখ্যান করে হাসানুল হক ইনু বলেন, এই ১০ দফা দিয়ে বিএনপি আরেকবার প্রমাণ করল, তারা দেশটাকে সংবিধানের বাইরে ঠেলে দিতে চায়। সংবিধানকে ধ্বংস করতে চায়। অস্বাভাবিক সরকার গঠনের পুরোনো রাজনীতিতেই থেকে গেল তারা। কোনো আদালতই তারা মানে না।

বিএনপি যাঁদের আলেম বলছে, তাঁরা কেউ আলেম নন বলে মন্তব্য করেন জাসদ সভাপতি। তিনি বলেন, আলেম হওয়ার কারণে বাংলাদেশে কাউকে গ্রেপ্তার করা হয়নি, সাজা দেওয়া হয়নি। যাঁরা কারাগারে আছেন, তাঁরা হয় জঙ্গি-সন্ত্রাসী, না হয় যুদ্ধাপরাধী, খুনের মামলার আসামি আর না হলে নারী নির্যাতনকারী। খুনি বা যুদ্ধাপরাধী ওয়াজ করলেই আলেম হয় না। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা বাংলাদেশের আলেম সমাজের কেউ নন।

অর্থ পাচার নিয়ে ১০ দফায় যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা হাস্যকর বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু। তিনি বলেন, তারা (বিএনপি) ক্ষমতায় থাকতে হাওয়া ভবন বানিয়ে অর্থ পাচার করেছে। এর কিছু অংশ ইতিমধ্যেই দেশে ফেরত এসেছে। বৈশ্বিক সংকট নিয়ে ১০ দফাতে বিএনপি কিছুই বলেনি। এত সমালোচনার পরও তাদের বগলে জামায়াত, যুদ্ধাপরাধী। তাদের কাছে সবই সম্ভব। বিএনপির ১০ দফা জনগণের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারবে না।