দুই কর্মকর্তার বাসভবনে ডিসি কার্যালয়ের কর্মচারীর বসবাস  

কারাগারের কর্মকর্তার বাসভবনে তৃতীয় শ্রেণির কর্মচারীরা বসবাস করায় কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর জেলার মানচিত্র

জামালপুরের জেল সুপার ও মেডিকেল কর্মকর্তার বাসভবন এক বছর ধরে দখল করে জেলা প্রশাসকের কার্যালয়ের দুজন তৃতীয় শ্রেণির কর্মচারীর বসবাসের অভিযোগ পাওয়া গেছে। কোনো ধরনের অনুমতি ছাড়াই ওই বাসভবন দখল করে তাঁরা পরিবার নিয়ে বসবাস করছেন। কারাগারের কর্মকর্তার বাসভবনে তৃতীয় শ্রেণির কর্মচারীরা বসবাস করায় কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

ওই কর্মচারীরা হলেন জেলা প্রশাসক কার্যালয়ের জারিকারক মো. আকরাম ও গোপনীয় শাখার পিয়ন রজব আলী। এক বছর ধরে জেল সুপারের বাসভবনে মো. আকরাম ও তিন বছর ধরে মেডিকেল কর্মকর্তার বাসভবনে রজব আলী পরিবার নিয়ে বসবাস করছেন। 

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর জেলা কারাগারের একজন কর্মচারী বলেন, ‘ডিসি কার্যালয়ের দুজন কর্মচারী জেল সুপার ও মেডিকেল অফিসারের বাসভবন দখল করে আছেন। সেটি তো জেলা কারাগারের সম্পত্তি। সেখানে জেল সুপার ও মেডিকেল অফিসাররা না থাকলে আমাদের কর্মচারীরা থাকবেন। অন্যরা কেন থাকবেন? বিষয়টি তাঁদের দুজনকে বারবার অব্যাহতি করার পরও তাঁরা ভবনগুলো ছেড়ে যান না।’ 

গতকাল বৃহস্পতিবার দেখা যায়, শহরের কলেজ মোড় এলাকার জেল সুপার ও মেডিকেল কর্মকর্তার বাসভবন। একতলাবিশিষ্ট ভবনটি দুই ভাগে বিভক্ত। প্রতিটি ভাগেই রয়েছে তিনটি কক্ষ, একটি বাথরুম, একটি রান্নাঘর ও একটি বারান্দা। সেখানে সপরিবার বসবাস করছেন ওই দুজন তৃতীয় শ্রেণির কর্মচারী। 

আকরাম বলেন, ‘আমি এর আগে কারাগারের কোয়ার্টারে থাকতাম। ওই কোয়ার্টার ভেঙে ফেলা হয়েছে। এরপর প্রায় তিন বছর ওই ভবনে থাকছি।’ 

জেল সুপার (ভারপ্রাপ্ত) তাসনীম জাহান বলেন, ‘আমি সম্প্রতি এই পদে দায়িত্ব নিয়েছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

জেলা প্রশাসক মো. শফিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’