চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার আতাহার এলাকায় আমনূরা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাদিকুল ইসলাম (৬০)। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চকপাড়া মহল্লায়। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন মো. সেলিম ও ফিরোজা বেগম। আহত অন্য তিনজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, যাত্রীবাহী অটোরিকশা চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে আমনূরা সড়ক দিয়ে যাওয়ার পথে আতাহার এলাকায় বিপরীত থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সাদিকুল ইসলামসহ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাদিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত মো. সেলিম ও ফিরোজা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।