স্কুলছাত্রীর চুল ধরে টান ও ব্লেড দিয়ে আঘাত করল এক বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার ম্যাপ
প্রথম আলো

বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীর চুল ধরে টান ও কানের নিচে ব্লেড দিয়ে আঘাত করেছেন এক বখাটে। আজ বুধবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া গরুহাটের সামনে এ ঘটনা ঘটে।

ওই ছাত্রীর অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই বখাটে এ ঘটনা ঘটিয়েছে। ওই বখাটের নাম রোহান ইসলাম (২১)। তিনি অভয়নগর উপজেলার বুইকরা গ্রামের হায়দার আলীর ছেলে।

ওই ছাত্রীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই ছাত্রী উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। রোহান দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন। কিন্তু ওই ছাত্রী তাতে রাজি না হওয়ায় মাঝেমধ্যে রোহান তাকে বিরক্ত করতেন। আজ দুপুরে ছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। বেলা অড়াইটার দিকে সে উপজেলার নওয়াপাড়া গরুহাটের সামনে এলে রোহান তাকে আবারও প্রেমের প্রস্তাব দেন। এতে সে রাজি না হওয়ায় রোহান ক্ষিপ্ত হয়ে তার কানের নিচে ব্লেড দিয়ে টান দেন। এতে সে রক্তাক্ত জখম হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর রোহান আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ছাত্রীর অভিভাবকদের মারধর করে সেখান থেকে পালিয়ে যান।

আহত ওই ছাত্রী বলে, ‘আজ দুপুরে আমি আমার এক বান্ধবীর সঙ্গে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে রোহান এসে প্রথমে আমার হাত ধরে টান দেন। এরপর তিনি আমার চুল ধরে টান দেন। আমি ছাড়িয়ে নিতে গেলে তিনি আমার ডান কানের নিচে ব্লেড দিয়ে টান দেন।’ সে আরও বলে, ‘রোহান আমাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। আমি তাঁর প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি এ ঘটনা ঘটিয়েছেন।’

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, এক স্কুলছাত্রীকে বখাটে ব্লেড দিয়ে আহত করেছেন। ওই বখাটেকে আটকের চেষ্টা চলছে।