আবার কর্মবিরতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আজ বুধবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন
ছবি: প্রথম আলো

ছাত্রলীগের কয়েক নেতার বিচার দাবিতে আজ বুধবার আবার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

সকাল ১০টায় কর্মবিরতি শুরু হয়, বেলা ৩টা পর্যন্ত চলে কর্মবিরতি। কর্মবিরতিকালে অফিসার সমিতির কার্যালয়ে অবস্থান নেন কর্মকর্তারা। কর্মবিরতির ফলে আজ কার্যত অচল ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্টোর (গুদামঘর) থেকে পুরোনো মালামাল দরপত্র ছাড়াই নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ ওঠে শাখা ছাত্রলীগের একদল নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের হেনস্তারও অভিযোগ ওঠে।

ঘটনার বিচার চেয়ে ছাত্রলীগের তিন নেতার নাম উল্লেখ করে গত বৃহস্পতিবার উপাচার্য শিরীণ আখতারকে চিঠি দেয় অফিসার সমিতি। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে বিচার করা না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিচার না হওয়ায় গত রোববার সারা দিন কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা। সেদিন তাঁরা দুই দিনের সময় বেঁধে দিয়ে কর্মবিরতি স্থগিত করেছিলেন।

অফিসার সমিতির নেতারা আজ প্রথম আলোকে বলেন, দুই দফা সময় বেঁধে দেওয়া হলেও এখন পর্যন্ত বিচার হয়নি। তাই তাঁরা আজ থেকে আবার কর্মবিরতি পালন করছেন।

কর্মবিরতির বিষয়ে জানতে চাইলে অফিসার সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু জাফর ইকবাল প্রথম আলোকে বলেন, সমিতির সাধারণ সদস্যদের নিয়ে আজ তাঁরা একটি বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত তাঁরা কর্মবিরতি চালিয়ে যাবেন। আজ পূর্ণদিবস কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ঈদের ছুটির আগপর্যন্ত অন্য কর্মদিবসগুলোতে তাঁরা তিন ঘণ্টা করে এই কর্মসূচি পালন করবেন।

যে তিন নেতার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মোফাজ্জল হায়দার ইবনে হোসাইন, নজরুল ইসলাম ও সাদেক হোসেন। এই তিন নেতার বাইরেও আরেক নেতাকে শনাক্তের দাবি করেছেন অফিসার সমিতির নেতারা।

সমিতির সভাপতি রশীদুল হায়দার গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীবও ঘটনাস্থলে ছিলেন। তিনি এ ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে সাক্ষাৎকার দিয়েছেন। আগে আহসান হাবীবকে তাঁরা চিনতে পারেননি। তাই চিঠিতে তাঁর নাম উল্লেখ করেননি।

জানতে চাইলে আহসান হাবীব আজ প্রথম আলোকে বলেন, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে অফিসার সমিতির নেতারা যে অভিযোগ করছেন, তা সত্য নয়। তিনি উত্তেজনা নিয়ন্ত্রণ করেছেন।

ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গত শুক্রবার সকালে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

আরও পড়ুন

তদন্তের বিষয়ে জানতে চাইলে কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক আবদুল্লাহ মামুন আজ প্রথম আলোকে আজ বলেন, কর্মকর্তা সমিতির চিঠির পরিপ্রেক্ষিতে তাঁরা তদন্ত করছিলেন।

পরে বিভিন্ন পক্ষ আরও তিনটি চিঠি উপাচার্যের কাছে দিয়েছে। গতকাল তাঁরা এসব চিঠি হাতে পেয়েছেন। এসব চিঠির বিষয় যাচাই-বাছাই করতে সময় লাগবে।