হালতি বিলে নৌভ্রমণকালে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু
নাটোরের হালতি বিলে নৌকাভ্রমণে এসে পানিতে ছিটকে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা দুজন ভাই। নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগলে শিশু দুটি পানিতে পড়ে যায়। আজ শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নলডাঙ্গা উপজেলার হালতি বিলের খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয় প্রান্তে।
নিহত দুই শিশু হচ্ছে নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে সাদমান আবদুল্লাহ (১১) ও আবদুর রহমান (৯)।
নলডাঙ্গা থানা-পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে ১৭ জন যাত্রী নিয়ে একটি শ্যালো ইঞ্জিনচালিত নৌকা হালতি বিলে ভ্রমণে বের হয়। সন্ধ্যা ঘনানোর পর নৌকাটি খোলাবাড়িয়া উচ্চবিদ্যালয়ের পাশের একটি স্পটে আসছিল। এ সময় নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগে। এতে নৌকার ছাউনিতে ও বাইরে দাঁড়িয়ে থাকা ও বসে থাকা যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যান। অন্যরা সাঁতরে কিনারে উঠে আসতে পারলেও দুই শিশুকে পাওয়া যাচ্ছিল না। ঘটনার ১৫ থেকে ২০ মিনিট পর এক শিশুর মরদেহ পাওয়া যায়। পরে অপর শিশুর মরদেহও পাওয়া যায়।
নৌকাটি বিলের মাঝের বৈদ্যুতিক খুঁটির টানা তারে ধাক্কা লাগে। এতে নৌকার ছাউনিতে ও বাইরে দাঁড়িয়ে থাকা ও বসে থাকা যাত্রীরা ছিটকে পানিতে পড়ে যান।
নৌকাটির মাঝি মেহের আলী (৫৫) জানান, অন্ধকার হয়ে আসায় বৈদ্যুতিক খুঁটির সঙ্গে টাঙানো নিচু তার দেখতে পাননি। ওই তারে আচমকা ধাক্কা লাগে। এতে অনেকে বিলের পানিতে ছিটকে পড়ে। দুটি বাচ্চা পানিতে তলিয়ে গেলে তাদের মৃত্যু হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের লোকজনের কাছে ঘটনার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরও হালতি বিলে নৌকাডুবিতে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকসহ দুজনের মৃত্যু হয়েছিল। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে হালতি বিলে নৌভ্রমণে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করা হয়েছিল। তবে এ বছর নৌকায় লাইফ জ্যাকেট রাখতে দেখা যাচ্ছে না। প্রশাসনও এ ব্যাপারে তদারকি করছে না।