গাইবান্ধায় নিখোঁজের ১২ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলায় আব্দুল্লাহ নামে ৮ মাসের এক শিশুর লাশ আজ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ
ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলায় আবদুল্লাহ নামের আট মাসের এক শিশুর লাশ আজ মঙ্গলবার উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল্লাহ ওই গ্রামের অটোরিকশাচালক মাহবুর রহমানের ছেলে।

পুলিশ ও নিহত শিশুর স্বজনেরা জানান, গতকাল সোমবার রাত ৯টার দিকে আবদুল্লাহ ঘরে ঘুমিয়ে পড়ে। তাকে ঘুমন্ত রেখে মা জোসনা বেগম এক প্রতিবেশীর বাড়িতে যান। সেখান থেকে বাড়ি ফিরে দেখেন বিছানায় শিশুটি নেই। এ সময় শিশুর বাবা মাহবুর রহমান মসজিদে ছিলেন। রাতভর শিশুটিকে খোঁজাখুঁজি করা হয়। আজ সকালে মাহবুর রহমানের বড় ভাইয়ের বাড়ির শৌচাগারের ওপরে এক টুকরা কাপড় পড়ে থাকতে দেখা যায়। এতে সন্দেহ হলে শৌচাগারের ওপরের পাটাতন তুললে ময়লার ট্যাংকের ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আজ দুপুর দেড়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশু মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।