এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শুক্রবার দুপুরে এক্সপ্রেসওয়ের পাঁচ্চর মোল্লার বাজার এলাকায়
ছবি: প্রথম আলো

মাদারীপুরের শিবচর উপজেলায় আনন্দ পরিবহনের যাত্রীবাহী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। এ সময় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে যাত্রাবাড়ী-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের পাঁচ্চরের মোল্লার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশে আনন্দ পরিবহনের একটি বাস ছেড়ে আসে। এক্সপ্রেসওয়ের পাঁচ্চরের মোল্লার বাজার এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় বাসের ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

দুর্ঘটনাকবলিত বাসের যাত্রী মাহাবুব আলম বলেন, ‘পদ্মা সেতু পার হওয়ার পর আমরা বাসের গতি কমাতে বারবার চালককে বলছিলাম। বৃষ্টি হচ্ছিল। কিন্তু চালক গাড়ির গতি কমায়নি। হঠাৎ আমাদের গাড়িটির সামনে একটি ছোট গাড়ি আসে। সেটা আস্তে চলছিল। আমাদের বাসটি ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পড়ে যায়।’

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। বাসটির কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণের দিকে নজর রাখতে থানা ও হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া আছে।

্তএর আগে কাল বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পিকআপ ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হন।