এনজিওর কর্মীদের কর্মঘণ্টার বেশি কাজ করানো যাবে না: এমআরএ নির্বাহী ভাইস চেয়ারম্যান
শ্রম আইন লঙ্ঘন করে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার (এনজিও) কর্মীদের কোনোভাবেই কর্মঘণ্টার বেশি সময় ধরে আটকে রেখে কাজ করানো যাবে না। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন সংস্থার প্রধানদের সতর্ক করে এমন কথা বলেছেন।
গত শনিবার বগুড়ায় এমআরএর উদ্যোগে আয়োজিত মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন (এমএফআই)–ব্যাংক লিংকেজ আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মোহাম্মদ হেলাল উদ্দিন। বগুড়া শহরের বনানী এলাকায় গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ভবনের মিলনায়তন কক্ষে এই আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানেরা গ্রামীণ কৃষি ও অর্থনীতি সচল রাখতে এবং নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনায় এমআরএর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে আলাদা তহবিল বা প্যাকেজ চান। একই সঙ্গে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোয় ঋণ প্রদানের প্রক্রিয়া সহজ করা এবং সুদের হার কমানোর দাবিও জানান তাঁরা।
সেমিনারে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করা বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট জেলার ৬৮টি এনজিওর নির্বাহী পরিচালক, ১৬টি বাণিজ্যিক ব্যাংক ও এনবিএফআইয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংক ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মকর্তারা অংশ নেন।
সেমিনারে এমআরএর পক্ষ থেকে জানানো হয়, ২০২৪–২৫ অর্থবছরে ক্ষুদ্রঋণ খাতে চার কোটি গ্রাহকের মাধ্যমে ২ লাখ ৭৭ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা গ্রামীণ অর্থনীতিকে চাঙা ও মজবুত করেছে। ওই সময় পর্যন্ত বাংলাদেশ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মোট তহবিল ১ লাখ ৯৪ হাজার কোটি টাকা। এর মধ্যে গ্রাহকের জমানো সঞ্চয় ৭৯ হাজার ৯৩২ কোটি টাকা এবং নিজস্ব তহবিল ৬৭ হাজার ৭৮৯ কোটি টাকা। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এমএফআইয়ের তহবিল ২২ হাজার ৪৯ কোটি টাকা।
প্রধান অতিথির বক্তব্যে এমআরএর নির্বাহী ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ প্রতিষ্ঠা করা গেলে তৃণমূল পর্যায়ে আর্থিক অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত হবে। মাইক্রোক্রেডিট অথরিটি এমএফ–সিআইবি ও ক্রেডিট স্কোরিং বাস্তবায়নের মাধ্যমে একটি সহযোগিতামূলক পরিবেশ তৈরিতে কাজ করছে। যেখানে ব্যাংক ও মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশন উভয়ই দেশের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবে। এ সময় আর্থিক সহায়তা ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য ব্যাংকগুলোর প্রতি আহ্বান জানান তিনি। এ ছাড়া অপেক্ষাকৃত ছোট পরিসরে ক্ষুদ্রঋণ পরিচালনাকারী এনজিওগুলোকে ঋণসহায়তা প্রদানের জন্য বড় এনজিওর প্রধানদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের বগুড়া কার্যালয়ের পরিচালক সরদার আল এমরান বলেন, ‘দেশের আর্থিক খাতকে নিরাপদ, স্থিতিশীল ও চাঙা রাখা, অর্থনীতিতে শৃঙ্খলা ফেরানো এখন বাংলাদেশ ব্যাংকের প্রধান কাজ। বেসরকারি সংস্থাকে কত সহজে, কত দ্রুত, কতটা ঝামেলামুক্তভাবে ঋণ প্রদান করা যায়, বাস্তবমুখী করা যায়, সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। তবে বেসরকারি সংস্থাগুলোকেও কৃষি ও এসএমই খাতকে অগ্রাধিকার দিতে হবে। উপযুক্ত ব্যক্তিকে ঋণ দেওয়া, আদায় করা এবং ঋণের সৎ ব্যবহার করা বড় চ্যালেঞ্জ। সেই কাজ সবাইকে করতে হবে।’
এমআরএর পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমআরএর নির্বাহী পরিচালক মো. নূরে আলম মেহেদী। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন বগুড়ার টিএমএসএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক হোসেন আরা বেগম, বগুড়ার গ্রাম উন্নয়ন কর্ম (গাক)–এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বগুড়ার হেড অব ব্রাঞ্চ মোখলেছুর রহমান, সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার রাশিদুল ইসলাম, বগুড়ার লাইট হাউজের নির্বাহী পরিচালক হারুন–অর–রশীদ, জয়পুরহাটের জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন, সিরাজগঞ্জের সমাজ উন্নয়ন কার্যক্রমের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, বগুড়ার টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খান, মহিষবাথান সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান, পাবনার পিসিডির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম, সিরাজগঞ্জের এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন এমআরএর পরিচালক মোহাম্মদ কামাল হোসেন।