৩০ কিলোমিটার ধাওয়া করে দুই সন্ত্রাসীকে আটক করল পুলিশ
দুই সন্ত্রাসীকে খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। অতঃপর দুজনকে হঠাৎ পেয়ে পুলিশ থামতে নির্দেশ দেয়। কিন্তু তাঁরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। শুক্রবার ভোরে তাঁদের ধরতে মোটরসাইকেল নিয়ে পিছু নেন নাটোর সদর থানার পুলিশের দুই সদস্য। মোটরসাইকেলে ৩০ কিলোমিটার ধাওয়া করে শেষ পর্যন্ত ওই দুজনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শহরের কান্দিভিটুয়া এলাকায় জামাল কাজী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হাতের রগ কেটে দেন মিল্টন ও সাইফুল নামের দুই সন্ত্রাসী। আহত জামাল কাজীকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপরই সদর থানার পুলিশ অভিযুক্তদের ধরতে মাঠে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোরে পুলিশ নিশ্চিত হয় সন্ত্রাসীরা শহরতলির বড়ভিটা এলাকায় অবস্থান করছেন। সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেতে থাকেন দুই সন্ত্রাসী। নাটোর সদর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন ও তাঁর সহযোগী এক কনস্টেবলকে সঙ্গে নিয়ে তাঁদের পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে প্রায় ৩০ কিলোমিটার দূরে গিয়ে বড়াইগ্রামের শ্রীরামপুর এলাকায় দুই সন্ত্রাসীকে আটক করেছেন তাঁরা।
নাটোর সদর থানার এসআই জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর দৃঢ় সংকল্প ছিল দুই সন্ত্রাসীকে ধরার। সেই লক্ষ্যে মোটরসাইকেল নিয়ে তাঁরা পিছু নেন। তাড়া করে শেষ পর্যন্ত ৩০ কিলোমিটার পাড়ি দেওয়ার পর শ্রীরামপুর এলাকায় দুজনকে তাঁরা ধরতে সক্ষম হন।
আটক মিল্টন ও সাইফুল নাটোর শহরে মল্লিকহাটি মহল্লার বাসিন্দা। তাঁদের শুক্রবার বিকেলে সদর আমলি আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।