স্লুইসগেটে ৪ ঘণ্টা আটকে থাকার পর কর্ণফুলীতে ভেসে গেল যুবকের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানে একটি খালের স্লুইসগেটে প্রায় সাড়ে চার ঘণ্টার বেশি সময় আটকে ছিল অজ্ঞাতনামা এক যুবকের লাশ। দীর্ঘক্ষণ ধরে সেখানে আটকে থাকলেও লাশটি উদ্ধারে কেউ এগিয়ে আসেননি। বরং স্থানীয় কয়েকজন বাঁশ দিয়ে লাশটি ঠেলে নদীতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেন। যদিও তাঁদের এ চেষ্টা ব্যর্থ হয়। এর এক ঘণ্টা পর অবশেষে ভাটার স্রোতে লাশটি কর্ণফুলী নদীতে ভেসে চলে যায়।

আজ সোমবার সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন দরগাহ গ্রামে এ ঘটনা ঘটে। লাশটি উপুড় অবস্থায় পানিতে ভেসে থাকায় চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। এ কারণে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ওই যুবকের আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ধূসর ও হলুদ রঙের টি–শার্ট আর জিনস প্যান্ট ছিল। এ ছাড়া প্যান্টের পেছনের অংশে মানিব্যাগ দেখা যাচ্ছিল।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল ৬টার দিকে কর্ণফুলী নদীর ৩০০ ফুট দূরত্বের সংযোগ খালের স্লুইসগেটে লাশটি আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সকাল সাড়ে নয়টার দিকে তিন থেকে চারজন লোক বাঁশ দিয়ে ঠেলে লাশটি সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এর মধ্যে থানা–পুলিশকেও বিষয়টি জানান স্থানীয় বাসিন্দারা। পরে সকাল সাড়ে ১০টার দিকে ভাটার সময় লাশটি ভেসে কর্ণফুলী নদীতে চলে যায়।

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন প্রথম আলোকে বলেন, ফজরের নামাজের পর থেকে লোকজন ওই স্লুইসগেটে লাশটি আটকে থাকতে দেখেন। পুলিশ এসে উদ্ধার করার আগেই সকাল সাড়ে ১০টায় লাশটি ভেসে কর্ণফুলী নদীতে চলে যায়।

বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া বেলা ১১টায় প্রথম আলোকে বলেন, পুলিশকে খবর দেওয়া হয়েছে। কিন্তু ততক্ষণে লাশটি ভেসে চলে যায়।

ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরত্বে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ি। ওই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মুহাম্মদ জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, এলাকাটি তাঁর অধীনে নয়। এ জন্য এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে বিভিন্ন মাধ্যমে শুনেছেন, সেখানে একটা লাশ আটকে আছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশ খবর পায়, স্লুইসগেটে এক যুবকের লাশ আটকে আছে। পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। ততক্ষণে লাশটি ভেসে চলে গেছে।