স্লুইসগেটে পড়ে ছিল জুতা, কাপড়-সাবান, পরদিন পাওয়া গেল নারীর মরদেহ

মরদেহপ্রতীকী ছবি

‎জয়পুরহাটের আক্কেলপুরে নন্দাহার খালের স্লুইসগেটের পাশে পড়ে ছিল এক নারীর জুতা, গোসলের কাপড় ও সাবান। গতকাল বৃহস্পতিবার বিকেলে সেখানে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। আজ শুক্রবার সকালে স্লুইসগেটের পানিতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে গ্রামের পাশের নন্দাহার খালের স্লুইসগেট এলাকায় গোসল করতে যান বেলি বিবি। তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। ‎

আজ ভোরে স্থানীয় বাসিন্দা বিপ্লব হোসেন স্লুইসগেট এলাকায় মাছ ধরতে যান। এ সময় তিনি পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মৃত বেলি বিবির ভাগনে হেলাল খান বলেন, তাঁর (বেলি বিবি) উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। গোসল করতে গিয়ে অসুস্থ হয়ে পানিতে ডুবে তাঁর মৃত্যু হতে পারে। ‎

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বলেন, আজ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।