বিদ্রোহীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, কক্সবাজার পৌরসভায় নৌকার মাহাবুবুর রহমান জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহাবুবুর রহমান চৌধুরী
ছবি: সংগৃহীত

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরী মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৮ হাজার ৬২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত) প্রার্থী মাসেদুল হক ওরফে রাশেদ (নারকেলগাছ প্রতীক) পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট।

সোমবার রাত নয়টায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে বেসরকারি ফলাফল ঘোষণা করেন পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন।

অপর তিন মেয়র প্রার্থীর মধ্যে জগদীশ বড়ুয়া (হেলমেট প্রতীক) পেয়েছেন ৪ হাজার ১৬৮ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাহেদুর রহমান (হাতপাখা প্রতীক) ১ হাজার ৪৫২ ভোট ও স্বতন্ত্র প্রার্থী জোসনা হক (মোবাইল ফোন প্রতীক) পেয়েছেন ৬৯৮ ভোট।

রিটার্নিং কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, মোট ৪৩টি ভোটকেন্দ্রে ভোটার রয়েছেন ৯৫ হাজার ৮১১ জন। ভোট দিয়েছেন ৫৯ হাজার ৩০৬ জন। ভোট প্রদানের হার ৬২ দশমিক ৫৫ শতাংশ।

এর আগে সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল সোয়া আটটায় শহরের ১২ নম্বর ওয়ার্ডের কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, মাঠে দুই সারিতে দাঁড়িয়ে প্রায় ৪০০ জন নারী-পুরুষ ভোটার। এ সময় রফিকুল ইসলাম (৬০) নামের এক ভোটার বলেন, সকাল সাতটা থেকে কেন্দ্রে এসে সারি ধরে দাঁড়িয়েছেন। তাঁর আগে-পিছে সারিতে দাঁড়িয়ে ছিলেন অন্তত ২১০ জন ভোটার।

পুরুষ সারির পাশে থাকা নারী ভোটারের সারিতে দাঁড়ানো সানজিদা আকতার (৪৫) নামের এক ভোটার বলেন, সকাল পৌনে সাতটায় তিনি সারিতে দাঁড়িয়েছেন। তখন তাঁর সামনে অন্তত ৫০ জন ছিলেন।

এই কেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন ১ জন উপপরিদর্শকসহ (এসআই) ৩ জন কনস্টেবল ও ১২ জন আনসার সদস্য। কেন্দ্রের বাইরে বিজিবি, র‌্যাব ও পুলিশের পৃথক টিম দেখা গেছে। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শেখর বড়ুয়া প্রথম আলোকে বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে।

কেন্দ্রের বাইরে কথা হয় ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ মনজুর (বর্তমান কাউন্সিলর) ও স্বতন্ত্র মেয়র প্রার্থী জগদীশ বড়ুয়ার সঙ্গে। দুজনই বলেন, ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। ভোটারের উপস্থিতিও ভালো। পরিবেশ উৎসবমুখর।

সকাল পৌনে নয়টার দিকে ১১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া পিটিআই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কয়েক শ ভোটার সারি ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুশান্ত কুমার দে বলেন, ভোট শুরু হয়েছে ৪৫ মিনিট হয়। ভোট পড়েছে ১২০টি।

সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১০ নম্বর ওয়ার্ডের প্রিপারেটরি উচ্চবিদ্যালয়, ৫ নম্বর ওয়ার্ডের হাশেমিয়া আলিয়া মাদ্রাসা, ৩ নম্বর ওয়ার্ডের সৈকত বালিকা উচ্চবিদ্যালয়, কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪ নম্বর ওয়ার্ডের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে উল্লেখযোগ্যসংখ্যক ভোটারের উপস্থিতি চোখে পড়ে।

বেলা তিনটার দিকে ১ নম্বর ওয়ার্ডের ইসলামিক রিচার্স সেন্টার কেন্দ্রে কথা হয়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহাবুবুর রহমান চৌধুরীর সঙ্গে। শহরের অন্তত ৩০টি ভোটকেন্দ্র পরিদর্শন করে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে দেখেছেন জানিয়ে তিনি প্রথম আলোকে বলেন, ভোট উৎসবমুখর হলেও ইভিএম যন্ত্রে সমস্যার কারণে ভোট গ্রহণে ধীরগতি ছিল। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বয়স্ক নারী–পুরুষের অসুস্থ হয়ে পড়েন।

তারাবুনিয়ারছটা এলাকার ভোটার ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়ছুর রহমান প্রথম আলোকে বলেন, ইভিএম নিয়ে সাধারণ ভোটারের মধ্যে শুরুতে আতঙ্ক ছিল। কিন্তু ভোটকেন্দ্রে গিয়ে সহজে ভোট দিতে পেরে খুশি সবাই। প্রার্থীদেরও ইভিএম নিয়ে আপত্তি ছিল না।