ময়মনসিংহে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার জুমার নামাজের সময় দেওয়া আগুনে কার্যালয়ের আসবাব ও কাগজপত্র পুড়ে যায়।
গ্রামীণ ব্যাংকের গৌরীপুর শাখার মাঠ কর্মকর্তা রহিমা খাতুন জানান, ব্যাংকের শাখা কার্যালয়ের পাশেই তাঁর বাসা। হঠাৎ জানালা ভাঙা অবস্থায় আগুন জ্বলতে দেখে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় তিনি দেখতে পান, ব্যাংকের জানালা ভাঙা এবং ভেতরে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে ডেকে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রামীণ ব্যাংকের ডৌহাখলা শাখার ব্যবস্থাপক শাহ মো. নজরুল ইসলাম জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। ফোন পেয়ে দ্রুত ব্যাংকে যান। শুনেছেন, জানালা ভাঙা ছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সরেজমিনে তদন্ত করা হয়েছে। ব্যাংকটির অবস্থা জরাজীর্ণ। জানালার গ্লাস নেই। জুমার নামাজের সময় অগ্নিকাণ্ড ঘটে। ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন ফেলে দেওয়ায় হয়তো এমনটি হয়েছে। উদ্দেশ্যমূলকভাবে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়নি। তারপরও কর্তৃপক্ষ অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।