সন্দ্বীপের সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ৯ কোটি ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানফাইল ছবি

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। গতকাল বুধবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি করেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, সংসদ সদস্য থাকাকালে অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের মাধ্যমে ৯ কোটি ২৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। তদন্তে তাঁর বিরুদ্ধে আর অবৈধ সম্পদ আছে কি না, তা বের করার চেষ্টা করবে দুদক।

দুদক কর্মকর্তা আরও বলেন, সম্পদ বিবরণী দাখিল করলেও মাহফুজুর রহমান তাঁর ব্যবসা ও মৎস্য খাত থেকে আয়ের কোনো দলিলাদি দেখাতে পারেননি। দুদক জানায়, মাহফুজুর রহমান ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনবার এমপি ছিলেন। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রমসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি।

দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় মাহফুজুর রহমানের বার্ষিক আয় ছিল ৪৭ লাখ ৫ হাজার ৮০৫ টাকা। গত ১০ বছরে তাঁর আয় বেড়ে দাঁড়িয়েছে ৯৪ লাখ ৬৭ হাজার ৮২৪ টাকায়, যা ২০১৪ সালের বার্ষিক আয়ের তুলনায় ১০১ শতাংশ বেশি এবং অস্থাবর সম্পদ বেড়েছে ১৯৯ শতাংশের বেশি। স্ত্রী মাহমুদা মাহফুজের স্থাবর ও অস্থাবর সম্পদ বেড়েছে ১৯০ শতাংশের বেশি।