ফরিদপুরে বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড
তীব্র লোডশেডিংয়ের প্রতিবাদে ফরিদপুরে বিদ্যুৎ অফিসে বিএনপির অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। তবে পুলিশের সহযোগিতায় বিএনপির একটি প্রতিনিধিদল ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি দিয়েছে।
বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, লোডশেডিংয়ের প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে অবস্থান নিতে এবং স্মারকলিপি জমা দিতে বিএনপির নেতা-কর্মীরা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার চৌরঙ্গী মোড় এলাকায় অবস্থিত ওজোপাডিকো কার্যালয়ের সামনে আসেন। সেখানে আগে থেকে অবস্থান নিয়ে ছিলেন শ্রমিক লীগ ও পৌর আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে পুলিশের বাধায় বিদ্যুৎ অফিসে অবস্থান নিতে পারেননি জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী, সদস্যসচিব এ কে কিবরিয়া, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খান, গোলাম রব্বানী ভূঁইয়া প্রমুখ।
পরে তাঁরা পুলিশের সহযোগিতায় ওজোপাডিকো ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান বরাবর স্মারকলিপি জমা দেন। এ সময় আমিনুর রহমান কার্যালয়ে না থাকায় স্মারকলিপি গ্রহণ করেন উপসহকারী প্রকৌশলী হিমাদ্রী পোদ্দার।
জেলা বিএনপি নেতা এ কে কিবরিয়া বলেন, জ্যৈষ্ঠের খরতাপে মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। এর ওপর ভয়াবহ লোডশেডিংয়ে মানুষ এক ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তাঁরা দেশের মানুষের কথা জানাতে অবস্থান কর্মসূচি নিয়েছিলেন। কিন্তু পুলিশের বাধায় তাঁরা বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালন করতে পারেননি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, বিদ্যুৎ অফিসে আওয়ামী লীগের সহযোগী সংগঠন শ্রমিক লীগ সভা করছিল। এ জন্য সহিংসতা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।