হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা
কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে চট্টগ্রামের চন্দনাইশে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মোহাম্মদ শাহাদাত নবী। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। তবে পুলিশ বলছে, তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ত্রাণবিষয়ক সম্পাদক ছিলেন।
আজ সোমবার ভোর ৪টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান তিনি। এর মধ্যে বাদ জোহর বেলা আড়াইটার দিকে চন্দনাইশ পৌরসভার একটি মসজিদে তিনি বাবার জানাজায় অংশ নেন।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রোববার ভোর ৫টা ২০ মিনিটের দিকে চন্দনাইশের একটি হাসপাতালে মারা যান শাহাদাত নবীর বাবা নুরুনবী সওদাগর (৮৮)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
চন্দনাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিটন মিয়া বলেন, বাবার মৃত্যুর পর শাহাদাত নবী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের কাছে প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট শাহাদাতকে সাড়ে ১১ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেন।
তাঁর চাচা নুরুল আলম প্রথম আলোকে বলেন, পুলিশ পাহারায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বেলা দেড়টার দিকে চট্টগ্রামের চন্দনাইশে নিয়ে আসা হয় শাহাদাত নবীকে। বেলা দুইটার দিকে হাতকড়া পরে শাহাদাত জানাজায় অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর বাবাকে দাফন করা হয়। তিনি বলেন, গত বছর ১২ আগস্ট ঢাকার পল্টন এলাকা থেকে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।
ওসি (তদন্ত) লিটন মিয়া বলেন, শাহাদাতের বিরুদ্ধে ধানমন্ডি থানায় তিনটি মামলা রয়েছে। জানাজা শেষে তাঁকে বেলা ৩টা ২০ মিনিটের দিকে পুলিশ পাহারায় আবার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।