রাজশাহীতে সরকারি দপ্তর থেকে তথ্য চাওয়ার প্রবণতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহীতে সরকারি দপ্তর থেকে তথ্য অধিকার আইনে নির্ধারিত ফরমে আবেদন করে তথ্য চাওয়ার প্রবণতা কম। কীভাবে তথ্য চাইতে হবে, না পেলে কীভাবে আপিল করতে হবে, এ বিষয়ে একাধিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

তারপরও সরকারি দপ্তরগুলো থেকে তথ্য নিয়ে কাজ করার প্রবণতা এখনো সেভাবে গড়ে ওঠেনি। এদিকে সরকারি দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য চেয়ে করা আবেদনগুলো প্রায় সবই নিষ্পত্তি করা হচ্ছে।

রাজশাহীতে তথ্য চেয়ে আবেদন করার বিষয়ে গত মার্চ মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পবা উপজেলা চত্বরে বুথ করে স্টেক হোল্ডারদের হাতেকলমে প্রশিক্ষণ দেয়। টিআইবির রাজশাহীর এরিয়া কো-অর্ডিনেটর মো. মনিরুল হক বলেন, তাঁরা খোঁজ নিয়ে জেনেছেন, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিস, পবা ভূমি অফিস, বিআরটিএ, এলজিইডি, পবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তথ্য পাওয়ার জন্য অন্তত ২৫ জন আবেদন করেছেন।

তাঁরা সবাই তথ্য পেয়েছেন বলে তাঁদের জানিয়েছেন। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে এই কার্যালয় থেকে মাত্র আটটি তথ্য চাওয়া হয়। এর সব কটিই নিষ্পত্তি হয়েছে। গত ১ জুলাই থেকে এ পর্যন্ত তথ্যের জন্য ছয়টি আবেদন জমা পড়েছে। এর সব কটিই নিষ্পত্তি হয়েছে। গত অর্থবছরে তিনটি আপিল আবেদন হয়েছিল। তিনটিই নিষ্পত্তি হয়েছে। এবার একটি আপিল আবেদন পাওয়া গেছে, সেটি নিয়ে কাজ চলছে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মানুষ আবেদন করে কী ধরনের তথ্য চায়, জানতে চাইলে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জিয়াউল হক বলেন, মানুষ সব ধরনের তথ্যই চায়। এর মধ্যে জমিজমাবিষয়ক তথ্যই বেশি চায়। যেমন এক ব্যক্তি সিরাজগঞ্জ জেলার খাসজমির পরিমাণ জানতে চেয়ে আবেদন করেছিলেন। একজন একটি এলাকা দিয়ে কোনো রাস্তার পরিকল্পনা আছে কি না, সেই তথ্য জানতে চেয়েছিলেন।

তাঁরা সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে সে বিষয়ে তথ্য প্রদান করেছেন। তথ্য চাওয়ার প্রবণতা আগের চেয়ে দিন দিন বাড়ছে। যেমন গত অর্থবছরে মাত্র আটটি আবেদন জমা পড়েছিল। এবার তিন মাসেই ছয়টি আবেদন পড়েছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) রাজশাহীর সভাপতি আহমদ সফিউদ্দিন বলেন, রাজশাহীতে তথ্য অধিকার আইন হওয়ার প্রথম দিকে তাঁরাই মানুষকে তথ্য চাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণের আয়োজন করেছিলেন। কিন্তু রাজশাহীর মানুষের সরকারি দপ্তর থেকে তথ্য নেওয়ার চর্চাটা এখনো সেভাবে গড়ে ওঠেনি। তিনি বলেন, তিনি নিজে প্রথম দিকে একটি তথ্য চেয়েছিলেন।

তারপর আবেদন করে আর তথ্য নেননি। তথ্য চাওয়ার প্রবণতা রাজশাহীতে কম হওয়ার ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক আবদুল জলিল বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী, একটি নির্দিষ্ট ফরমেটে আবেদন করে তথ্য চাইতে হয়। মানুষ তথ্য চায় এবং পায়।

তবে ২০১৫ সালের পর দেশে তথ্যপ্রযুক্তির যে বিপ্লব ঘটেছে, এরপর আর তথ্য চাওয়ার দরকার পড়ে না। প্রতিটি সরকারি দপ্তরের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ করা থাকে। তথ্য চাওয়ার আগের নাগরিকদের হাতের মুঠোয় গিয়ে তথ্য জমা হয়ে থাকে। এ জন্যই তথ্য চাওয়ার প্রবণতা কম মনে হয়।