ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত, লাশ দেখতে গিয়ে অসুস্থ হয়ে প্রতিবেশীর মৃত্যু
সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাতে বেলকুচি উপজেলা পরিষদের ফটক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের নিশিবয়ড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি বেলকুচি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আহত ব্যক্তিরা হলেন—একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪)। তাঁরা সবাই মোটরসাইকেলের আরোহী ছিলেন।
এদিকে নিহত সাব্বিরের লাশটি গ্রামের বাড়িতে আনার পর আজ বৃহস্পতিবার সকালে দেখতে যান প্রতিবেশী জগলু সরকারের স্ত্রী সাহিদা আক্তার (৫৫)। লাশটি দেখে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের। তিনি প্রথম আলোকে বলেন, ছোট এই গ্রামে হঠাৎ এমন দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় সবাই স্তব্ধ হয়ে গেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রাতে সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে তিনজন উপজেলার মুকুন্দগাতী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলকুচি উপজেলা পরিষদের ফটক এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাঁদের সামনে থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাব্বির হোসেনের মৃত্যু হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন প্রথম আলোকে বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।