নোয়াখালীতে পিকআপ ভ্যানের ধাক্কায় শিশু নিহত, চালক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কের চরবাটা ইউনিয়নের স্টিমার ঘাট সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন পিকআপ ভ্যানের চালককে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত শিশুর নাম মো. আশিক হোসেন (১০)। সে হাতিয়া উপজেলার মান্নান নগর আশ্রয়ণ প্রকল্পের আশ্রাফ আলীর ছেলে।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে আশিক হোসেন তার দাদার সঙ্গে হাতিয়ার মান্নান নগর থেকে সুবর্ণচর উপজেলার স্টিমার ঘাট ব্রিজের পাশে তাদের জমি দেখতে আসে। একপর্যায়ে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এ সময় আশিকের দাদা তার একটু পেছনেই ছিল। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, স্থানীয় লোকজন পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছেন। পরে পুলিশ চালককে আটক ও পিকআপ ভ্যান জব্দ করে থানায় নিয়ে এসেছে। নিহত ব্যক্তির পরিবারের লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।