বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, খবর শুনে অসুস্থ হয়ে মারা গেলেন বাবা

বিদ্যুৎস্পৃষ্টপ্রতীকী ছবি

সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন বাবা। দেড় ঘণ্টা পর তিনিও মারা যান। গতকাল রোববার রাতে উপজেলার বারহাল ইউনিয়নের খিলগ্রাম (খালপাড়) এলাকায় এ ঘটনা ঘটে। বাবা-ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবারটি।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন মাসুক আহমেদ (৩৮) ও তাঁর বাবা আবদুল লতিফ (৬৭)। সম্প্রতি বিয়ে করেছিলেন মাসুক। নতুন সংসার নিয়ে স্বপ্ন দেখছিলেন তিনি। এর মধ্যেই কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়।

মাসুক আহমেদ
ছবি: সংগৃহীত

পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দা সূত্রে জানা গেছে, মাসুক শাহগলী বাসস্ট্যান্ড এলাকার নুসরাত লাইটিং নামের একটি প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে কাজ করতেন। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়। এ খবর বাড়িতে পৌঁছালে বাবা আবদুল লতিফ তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়েন। রাত আটটার দিকে তাঁরও মৃত্যু হয়।

বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছেলের মৃত্যুর খবর শুনে বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। আজ সোমবার দুপুরে জানাজা শেষে বাবা ও ছেলেকে দাফন করা হয়েছে।’

ছেলের মৃত্যুর খবর শুনে বাবা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে শুনেছি। আজ সোমবার দুপুরে জানাজা শেষে বাবা ও ছেলেকে দাফন করা হয়েছে।
খলিলুর রহমান, বারহাল ইউনিয়ন পরিষদের সদস্য

ঘটনাটিকে মর্মান্তিক উল্লেখ করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে মৃত মাসুক আহমেদের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।