গাজীপুরে হত্যার পর রাস্তার পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

গাজীপুর নগরে একজনকে হত্যার পর রাস্তার পাশে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে নগরের কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে লাশটি পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে দেউলিয়াবাড়ি এলাকায় রাস্তার পাশে উপুড় হয়ে একজনকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরনে সাদা চেক শার্ট, সোয়েটার ও জিনসের প্যান্ট ছিল। পায়ে মোজা ও হাঁটুর সঙ্গে লুঙ্গি প্যাঁচানো ছিল। তাঁর নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম আশরাফ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করে ওই স্থানে লাশ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) খবর দেওয়া হয়েছে। তারা এসে তথ্য–প্রযুক্তির মাধ্যমের নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করবে। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।