নাটোরের গুরুদাসপুর
অল্প পুঁজিতে বেশি লাভ, বাড়ছে বরইয়ের চাষ
এ বছর প্রায় ৪৭ হেক্টর জমিতে কৃষকেরা বরই চাষ করেছেন, যা গত বছরের চেয়ে ২ হেক্টর বেশি।
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বিদেশি জাতের বরইয়ের আবাদ বাড়ছে। চাষিরা বলছেন, বরইগাছে রোগবালাই কম হয়। সেচের খরচও কম লাগে। এর ফলে কম পুঁজিতে বেশি লাভ হচ্ছে তাঁদের। তা ছাড়া বাজারে এসব বরইয়ের বেশ ভালো চাহিদা রয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় ভারত সুন্দরী, কাশ্মীরি বলসুন্দরী, থাই, আপেল ও নারকেল জাতের বরইয়ের আবাদ হচ্ছে। প্রায় ৪৭ হেক্টর জমিতে কৃষকেরা বরই চাষ করছেন, যা গত বছরের চেয়ে ২ হেক্টর বেশি। উপজেলার নাজিরপুর ও বিয়াঘাট ইউনিয়নে এসব বরইয়ের আবাদ বেশি হচ্ছে।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গুণগত মান, আকার-আকৃতি, রং ও স্বাদের তারতম্যভেদে প্রতি মণ বরই তিন থেকে ছয় হাজার টাকায় বিক্রি হচ্ছে। পাইকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বাগান থেকেই দরদাম করে বরই কিনে নিয়ে যাচ্ছেন মোকামে। এতে চাষিদের হয়রানি কমছে। প্রতি মণ বলসন্দুরী ৩ হাজার টাকা, ভারত সুন্দরীর ৪ হাজার থেকে ৪ হাজার ৫০০ টাকা। আগাম জাতের থাই বরই ৬ হাজার আর নারকেল বরই ৫ হাজার ৫০০ টাকা মণ বিক্রি হচ্ছে।
সম্প্রতি নাজিরপুর ও বিয়াঘাট ইউনিয়নের বরইয়ের বাগানগুলো ঘুরে দেখা গেছে, বরইয়ের ভারে ডালপালাগুলো মাটিতে নুইয়ে পড়ার অবস্থা। বাঁশ ও কাঠের খণ্ডাংশ দিয়ে ডালপালাগুলো উঁচু করে রেখেছেন। পরিপক্ব বরই তোলায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।
চাষিরা বলেন, ১ বিঘা জমিতে প্রথম বছর ২০০ থেকে ২৫০টি চারা রোপণ করা যায়। ৮ মাসের মাথায় প্রতিটি গাছ থেকে ৩০ থেকে ৪০ কেজি করে বরই পাওয়া যায়। পরের বছর গাছ কমিয়ে ৮০ থেকে ১০০টি রাখা হয়। কারণ, গাছ কমলে ফলন বাড়ে। প্রতিটি গাছে গড়ে ৪০ থেকে ৬০ কেজি করে বরই পাওয়া যায়। জমির ইজারা, শ্রমিক, সার-কীটনাশকসহ প্রতি বিঘায় এক লাখ টাকা খরচ হয়। পক্ষান্তরে বরই বিক্রি করা যায় গড়ে আড়াই লাখ টাকার।
নাজিরপুর ইউনিয়নের দুই বন্ধু রাজেদুল ইসলাম ও বাবুল হোসেন একসময় বরইয়ের বাগানের শ্রমিক ছিলেন। ২০০৮ সালে দেড় বিঘা জমি ২০ হাজার টাকায় ইজারা নিয়ে সেখানে বরইয়ের চাষ শুরু করেন। ৭০ হাজার টাকা খরচ করে প্রথম বছরেই ২ লাখ ৩০ হাজার টাকার বরই বিক্রি করেছিলেন। এ বছর তাঁরা ৩২ বিঘা জমি ইজারা নিয়ে নানা জাতের বরইয়ের সঙ্গে পেয়ারা ও ড্রাগন ফলের সমন্বিত আবাদ করেছেন।
তাঁরা বলেন, প্রতি বিঘা জমি এক লাখ টাকা প্রতিবছর চুক্তিতে ইজারা নিয়েছেন তাঁরা। গত বছর তাঁরা ৫০-৬০ লাখ টাকার বরই বিক্রি করেছিলেন। সব খরচ বাদে লাভ হয়েছিল ৩০ লাখ টাকা।
উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ জানান, উপজেলায় এ বছর ৪৭ হেক্টর জমিতে বিদেশি জাতের ৪৩টি বরইবাগান হয়েছে।