সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতার বাগানবাড়ি ভাঙচুর

বাড়ির সামনের সীমানাপ্রাচীর ভেঙে ফেলা হয়। আজ সোমবার বিকেলে সাতক্ষীরা সদরের বৈচানা গ্রামেছবি: প্রথম আলো

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হকের বাগানবাড়ির সীমানাপ্রাচীর, সিসিটিভি ক্যামেরা ও জানালার কাছ ও পুকুরপাড়ের প্রাচীর ভাঙচুর করা হয়েছে। গতকাল রোববার রাত নয়টার দিকে সাতক্ষীরা সদরের বৈচানা গ্রামে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হকের স্ত্রী মেহেরুন্নছা বলেন, গতকাল রাত নয়টার দিকে তিনি বৈচানা গ্রামে তাঁদের বাগানবাড়ির দোতলায় ছিলেন। এ সময় ৬০ থেকে ৭০ জন লোক ওই বাড়ির সামনের প্রাচীর ও পুকুরের প্রাচীর ভেঙে ফেলেন। এর পরপরই হামলাকারীরা বাড়ির মূল ফটকের সামনের দুটি সিসিটিভি ক্যামেরা, জানালার কাচ ভাঙচুর করেন। পরে তাঁরা বাড়ির ভেতরে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করেন। আধা ঘণ্টাব্যাপী ভাঙচুর চালানোর পর তাঁরা চলে যান।

মেহেরুন্নছা জানান, হামলার বিষয়টি সদর থানাকে অবহিত করা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ও কয়েকজনের সঙ্গে কথা বলে কুলিয়া ইউনিয়নের সবুজ চৌধুরী, জিয়াউর রহমান, বাপ্পি, নাসিরউদ্দিন, আনারুলসহ কয়েকজনের নাম জানতে পেরেছেন।

আসাদুল হক অভিযোগ করেন, তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনায় জড়িত।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রোববার রাতেই পুলিশ পাঠানো হয়। আজ সোমবার সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।