অসুস্থ মর্জিনা বেগম (৪৮) ভোট দিতে কেন্দ্রে এসেছেন দুপুর সাড়ে ১২টায়। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা তাঁকে জানালেন, তিনি ভোট দিতে পারবেন না। কারণ, ইভিএম মেশিনে দেখানো হচ্ছে, ‘মর্জিনা বেগম, আপনি ইতিপূর্বে ভোট প্রদান করেছেন।’ অথচ মর্জিনা বেগমের দাবি, তিনি ভোট দেননি। তাঁর হাতের বৃদ্ধা আঙুলেও নেই ভোট প্রদানের মার্কিং চিহ্ন।
আজ বুধবার বেলা দেড়টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ২ নম্বর রাজারচর মোল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি এলাকার মজিবর মুনশির স্ত্রী মর্জিনা বেগম। তাঁর বাবার নাম নজরুল ইসলাম।
ভোট দিতে না পেরে আক্ষেপ ও দুঃখ প্রকাশ করে মর্জিনা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ। বেশি সময় দাঁড়াতে পারি না। মাজার হাড় ক্ষয় হয়ে গেছে। এ অবস্থায় অনেক কষ্ট করে ভোটকেন্দ্র আসছি। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুথের ওখানে গেলে অফিসাররা বলে, আমি নাকি ভোট দিতে পারব না। আমার ভোট নাকি হয়ে গেছে। আমার ফিঙ্গারের সঙ্গে নাকি অন্য ফিঙ্গার মিলে গেছে। তারা আমাকে ভেতর থেকে বের করে দেয়। কিন্তু আমি ভোট দেই নাই। তাহলে আমার ভোট দিল কে?’
মর্জিনা বেগম পরে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল কৃষ্ণ মালাকারের কাছে অভিযোগ জানান। তাঁর অভিযোগের ওপর ভিত্তি করে প্রিসাইডিং কর্মকর্তা একাধিকবার ইভিএম মেশিনে মর্জিনা বেগমের আঙুলের ছাপ দেন। কিন্তু ইভিএম মেশিনের মনিটরে বারবার ভেসে ওঠে, ‘মর্জিনা বেগম, আপনি ইতিপূর্বে ভোট প্রদান করেছেন।’
প্রিসাইডিং কর্মকর্তা শ্যামল কৃষ্ণ মালাকার প্রথম আলোকে বলেন, এর আগে এমন কোনো ঘটনা তিনি দেখেননি। এমন সমস্যা দেখে তিনিও অবাক। যদিও টেকনিক্যাল বিষয়টি দেখার লোক আলাদা। তা ছাড়া সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণের বিষয়টি দেখেন। তিনিও বলছেন, মর্জিনার ভোট হয়ে গেছে। মর্জিনা ভোট দিয়েছেন তার প্রমাণ তো মর্জিনার বৃদ্ধা আঙুল নেই। এমন প্রশ্নের জবাবে শ্যামল কৃষ্ণ মালাকার বলেন, ‘আমি টেকনিক্যাল বিশেষজ্ঞ ডেকেছি। তিনিও কোনো সমাধান দিতে পারছেন না। আমাদের মনে হচ্ছে, হয়তো তিনি ভোট দিয়ে আবার ভোট দিতে আসছেন। এ ছাড়া আর কোনো কিছু মনে হচ্ছে না। কারণ, ফিঙ্গার না মিললে অন্য কারও পক্ষে ভোট দেওয়ার সুযোগ নেই।’
এই ভোটকেন্দ্রের ইভিএমের কারিগরি স্পেশালিস্ট কাজী আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাদের মেশিনে সার্চ দিলে দেখা যাচ্ছে মর্জিনা বেগম ভোট প্রদান করেছেন। তবে তিনি বলেন ভোট দেননি। ফিঙ্গার ছাড়া ভোট দেওয়া, এটা তো সম্ভবই না। এটি কী সমস্যা হচ্ছে, তা বলতে পারব না। এমনটা হওয়ার কথা নয়।’
মর্জিনা বেগমের এ ঘটনা মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে এই কেন্দ্রে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দায়িত্বরত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য বলেন, সব মিলিয়ে নির্বাচনের পরিস্থিতি ভালো আছে। মর্জিনা বেগমের বিষয়টি প্রিসাইডিং কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে সমাধান করবেন। এখানে তাঁদের কিছু করার নেই।
এদিকে ইভিএমে ভোট জালিয়াতি হচ্ছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কহিনুর হাওলাদার। তিনি প্রথম আলোকে বলেন, ২ নম্বর ভোটকেন্দ্রে ১০ জনের বেশি ভোটার ভোট দিতে গিয়ে দেখেন, তাঁদের ভোট হয়ে গেছে। অথচ তাঁরা ভোট দেননি। এটা টেকনিক্যাল সমস্যা নয়, জালিয়াতি।
জানতে চাইলে কহিনুরের প্রতিপক্ষ চশমা প্রতীকের রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে ঘোড়ার পরাজয় জেনে আমার প্রতিপক্ষের প্রার্থী ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। যার সঙ্গে আমার কোনো কাজের মিল নেই।’
এ বিষয় রিটার্নিং কর্মকর্তা হারুণ-অর রশিদ বলেন, কোনো ভোটার ইভিএমে ভোট দিতে এসে ভোট দিতে পারেননি, এমন হওয়ার কোনো সুযোগ নেই। এখানে ভুল-বোঝাবুঝি হতে পারে। নিরপেক্ষভাবে ভোট গ্রহণ হচ্ছে। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই।
নির্বাচন কমিশনের সূত্র জানায়, ১৯ বর্গকিলোমিটার আয়তনের সন্ন্যাসীরচর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা সাড়ে ১৫ হাজার। চলতি বছরের ১৩ এপ্রিল হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান সন্ন্যাসীরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ হাওলাদার। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য হলে তফসিল ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে কহিনুর হাওলাদার ও রফিকুল মনোনয়নপত্র দাখিল করেন।