শরীয়তপুরে কাল সকাল থেকে দুপুর পর্যন্ত বন্ধ থাকবে বাস চলাচল
শরীয়তপুরে কাল সোমবার সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ সভা উপলক্ষে শরীয়তপুর-ঢাকা রুটসহ জেলার আটটি রুটে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তবে এ সময়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পরিচালিত বাস চলাচল করবে।
শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহম্মেদ চৌকিদার প্রথম আলোকে বলেন, শ্রমিক ইউনিয়নের নির্বাচনের আগে শ্রমিকদের নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ আছে। সকাল ১০টার দিকে পৌর বাস টার্মিনালে সাধারণ সভায় শ্রমিকেরা যোগ দেবেন। দিনব্যাপী সভায় বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মধ্যাহ্নভোজের পর ঢাকা রুটে বাস চলাচল শুরু হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
শ্রমিক ইউনিয়ন ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার যাত্রাবাড়ী, কেরানীগঞ্জের কদমতলায় বাস চলাচল করে। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর ও যশোরের বেনাপোল এবং জেলা শহর থেকে পাঁচটি উপজেলায় বাস চলাচল করে। সবগুলো রুটে বিভিন্ন কোম্পানির অন্তত ৪৫০টি বাস চলাচল করে। শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নিবন্ধিত শ্রমিক ১ হাজার ৫৩৮। তাঁদের নিয়ে পৌর বাস টার্মিনালে কাল ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সব রুটে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। তবে বিআরটিসির বাস এর আওতামুক্ত থাকবে। শরীয়তপুর থেকে ঢাকায় ১৫-২০টি বিআরটিসির বাস চলাচল করে।
শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, তিন বছর পর পর শরীয়তপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। শিগগিরই ওই নির্বাচন অনুষ্ঠিত হবে। শ্রমিকদের নিয়ে সাধারণ সভা করে ভোটার তালিকা হালনাগাদের পর নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। বাস চলাচল বন্ধ রাখার বিষয়টি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বিভিন্ন পরিবহন কোম্পানি ও জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপকে জানানো হয়েছে।
গত বছর ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকায় যাতায়াতের বিকল্প পথগুলো বন্ধ হয়ে গেছে। শরীয়তপুরের যাত্রীদের ঢাকায় যাতায়াত করতে বাস সার্ভিসের ওপর নির্ভর করতে হয়। ঢাকা-শরীয়তপুর রুটে অন্তত ৩৫০টি বাস চলাচল করে। ওই বাসগুলোতে প্রতিদিন সকাল ৬টা হতে রাত ১০টা পর্যন্ত চলাচল করে। তাতে ১০ থেকে ১২ হাজার যাত্রী প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন। বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়বেন যাত্রীরা।
শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকেরা সাধারণ সভা ডেকেছেন। তাঁদের সভা-সমাবেশ করার অধিকার আছে। শ্রমিক ইউনিয়ন চিঠি দিয়ে বাস বন্ধ রাখার কথা জানিয়েছে। আমরা মালিকেরা শ্রমিকদের ছুটি দিয়েছি। আমাদের হাতে কোনো বিকল্প ছিল না। সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীদের ভোগান্তি হবে। এমন পরিস্থিতিতে মেনে নেওয়া ছাড়া কিছুই করার নেই।’