গাড়ির ব্যবসার আড়ালে গাঁজার ব্যবসা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদক ব্যবসার সঙ্গে জড়িত গ্রেপ্তার ব্যক্তিরা
ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে গাঁজা পরিবহনের জন্য শুরু করেন গাড়ির ব্যবসা। কেনেন বাস, পিকআপ ও মাইক্রোবাস। প্রতিটি গাড়িতেই বিশেষ কায়দায় বানানো হয় গাঁজা পরিবহনের বাক্স বা পাটাতন। যাত্রী পরিবহনের আড়ালে দেশের এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়া হতো গাঁজা। পাইকারি ও খুচরা বিক্রেতার মাধ্যমে গাঁজা পৌঁছাতেন গ্রাহকের কাছে।

গতকাল বৃহস্পতিবার রাতে টঙ্গী ও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের প্রধানসহ পাঁচ গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজাসহ জব্দ করা হয়েছে পরিবহনের কাজে ব্যবহৃত গাড়িগুলোও। আজ শুক্রবার গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার পাঁচ ব্যক্তি হলেন পিরোজপুরের কাউখালী থানার ফোরকান হোসেন (৩৫), ঝালকাঠির রাজাপুর থানার কামরুল ইসলাম (১৫), টঙ্গীর কেরাণীটেকের হনুফা বেগম (৩০), শেরপুরের নালিতাবাড়ী থানার ইসমত আরা (২৫) এবং শহিদুল ইসলাম (২৮)। তাঁদের সবার বর্তমান বাসা টঙ্গীর বিভিন্ন এলাকায়। এর মধ্যে ফোরকান এই চক্রের প্রধান। গাড়ির ব্যবসাও তাঁরই। কামরুল, হনুফা ও ইসমত আরা, তাঁরা তিনজনই খুচরা বিক্রেতা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বৃহস্পতিবার রাতে গাঁজার একটি বড় চালান গাজীপুরে ঢুকছে, গোপনে এমন একটি খবর পায় টঙ্গী পূর্ব থানা–পুলিশ। গাঁজার ওই চালান জব্দ করতে সন্ধ্যারাত থেকেই প্রস্তুত থাকে তাদের টহল দল। পরে রাত দুইটার দিকে ফোরকানের দত্তপাড়ার বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২৫ কেজি গাঁজাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী ও রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অন্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাস, একটি মাইক্রোবাস, দুটি পিকআপ, তিনটি মুঠোফোন, নগদ ২৮ হাজার টাকাসহ অন্যান্য জিনিসপত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বরাতে পুলিশ বলছে, তাঁরা দীর্ঘদিন ধরেই এ ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে ফোরকান গাঁজা পরিবহনের সুবিধার্থে গাড়ি ব্যবসা চালু করেন। সড়কে নামান একটি বাস, মাইক্রোবাস ও দুটি পিকআপ ভ্যান। প্রতিটি গাড়িতেই তিনি বিশেষ কায়দায় একটি বাক্স বানিয়ে নেন। এরপর পুলিশের চোখ ফাঁকি দিয়ে সেসব বাক্সে গাঁজা পরিবহন করে এনে মজুত করতেন নিজ বাসায়। এরপর সেখান থেকে তা অল্প অল্প করে ছড়িয়ে দিতেন টঙ্গী ও রাজধানীর বিভিন্ন এলাকায়। হনুফা, কামরুল বা ইসমত আরা কাজ করতেন খুচরা বিক্রেতা হিসেবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম প্রথম আলোকে বলেন, মূলত তাঁদের মূল গ্রাহক বিভিন্ন বাস-ট্রাকের গাড়ি চালক, সেলুনের নরসুন্দর ও কিছু নির্দিষ্ট উচ্চবিত্ত শ্রেণির লোকজন। গাঁজার ছোট ছোট পুরিয়া বানিয়ে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হতো। আর গাঁজা পরিবহনের ঝামেলা এড়াতে গাঁজার টাকায় গাড়ি কিনে নামমাত্র ব্যবসা শুরু করেন ফোরকান। তাঁদের কাছে গাঁজার মূল চালান আসত ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে। সেখানেও খোঁজখবর নিচ্ছে পুলিশ।