সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ঝিনাইদহের কালীগঞ্জের সুন্দরপুর এলাকায় লাইনচ্যুত নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধারের কাজ শেষ হয়েছে। এর ফলে প্রায় সাড়ে ৬ ঘণ্টা পর গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান আলী শেখ বলেন, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছায় দিবাগত রাত ১২টার দিকে। এর পর থেকে তাঁরা উদ্ধারকাজ শুরু করেন। আড়াই ঘণ্টা চেষ্টার পর উদ্ধারকাজ শেষ হয়। রাত আড়াইটার দিকে সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নকশীকাঁথা ট্রেনের ম্যানেজার মোহাম্মদ সাইদ বলেন, সুন্দরপুর এলাকায় পৌঁছানোর পর বাম্পার ভেঙে ট্রেনের দুটি চাকাসহ বগি লাইনচ্যুত হয়।
গতকাল রাত সাড়ে আটটার দিকে গোয়ালন্দ থেকে নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাচ্ছিল। পথে দুটি বগি লাইনচ্যুত হয়। তবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।