চুরি করা মোটরসাইকেল বিক্রির টাকায় স্ত্রীসহ বেড়াতে গিয়েছিলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী জেলার মানচিত্র

চুরি করা একটি মোটরসাইকেল বিক্রি করে সেই টাকায় বেড়াতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। গতকাল সোমবার দুপুরে কুয়াকাটা সমুদ্রসৈকতের জিরো পয়েন্ট থেকে পর্যটন পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে আটক করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেন তিনি।

ওই ব্যক্তির নাম বাহাউদ্দিন রাব্বি (২৪)। তিনি বরিশাল শহরের দিনারের পোল এলাকার বাসিন্দা বাবুল ফরাজীর ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক প্রকৌশলী আবু তাহের ইমরান পটুয়াখালী সদর থানায় মামলা করেছেন। এই মামলায় বাহাউদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, ১৬ জুলাই পটুয়াখালী শহরের তিতাস সিনেমা হলসংলগ্ন সুবর্না টাওয়ারের পার্কিং থেকে (ঢাকা মেট্রো-ল ৩৯-৯৩৪৭) সুজুকি জিক্সার ব্র্যান্ডের একটি মোটরসাইকেল চুরি হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে পটুয়াখালী সদর থানার পুলিশ তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি ক্যামেরা) ফুটেজ পর্যালোচনা করা হয়।

এতে দেখা যায়, মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাওয়া ব্যক্তির মুখে মাস্ক, মাথায় কালো টুপি ও কালো টি-শার্ট পরা ছিল। ওই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে সরাসরি পটুয়াখালী সেতু অতিক্রম করে পায়রা সেতুর দিকে এগিয়ে যান। পরবর্তী সময়ে পায়রা সেতুর ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি ক্যামেরা) ফুটেজও পর্যালোচনা করে পুলিশ। এতে দেখা যায়, ওই ব্যক্তি মোটরসাইকেলটি নিয়ে বরিশালের দিকে চলে গেছেন। এরপর বিভিন্ন থানায় এ বিষয়ে বার্তা পাঠানো হয়।

কুয়াকাটা পর্যটন পুলিশের পরিদর্শক হাচনাইন পারভেজ বলেন, গতকাল দুপুরে কুয়াকাটায় মহিপুর থানা–পুলিশের টহলরত সদস্যরা বাহাউদ্দিন রাব্বি নামের ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। এরপর সৈকত এলাকায় পর্যটন পুলিশের বক্সে তাঁকে নিয়ে আসেন এবং তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে চুরিকালীন কিছু আলামত পাওয়া যায়। এরপর তাঁকে মহিপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খান প্রথম আলোকে বলেন, ‘ওই ব্যক্তি জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছেন। এমনকি তিনি মোটরসাইকেল কোথায় এবং কার কাছে বিক্রি করেছেন, তা–ও জানিয়েছেন। এরপর আসামি হিসেবে আমরা তাঁকে গতকাল দুপুরে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করি।’
পুলিশের কাছ থেকে আরও জানা যায়, চুরি হওয়া মোটরসাইকেলটি গত রোববার বিক্রি করা হয়। এরপর ওই অর্থ দিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বেড়াতে এসে আটক হন বাহাউদ্দিন রাব্বি। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় রাব্বিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামির কথা অনুযায়ী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা–পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল এবং চোর চক্রের আরও একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই চোর চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। আমরা পুরো চক্রের সদস্যদের গ্রেপ্তার করার জন্য চেষ্টা চালাচ্ছি।’

পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আশাদুর রহমান প্রথম আলোকে বলেন, বাহাউদ্দিনকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।