দক্ষিণ চট্টগ্রামে টানা বৃষ্টিতে বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ, অন্ধকারে হাজারো গ্রাহক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

কয়েক দিনের প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের চার উপজেলা—পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশের বেশির ভাগ এলাকা চার দিনের বেশি সময় ধরে বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল। তবে গতকাল বুধবার রাত ১১টার দিকে দোহাজারী গ্রিডলাইন আংশিক সচল হয়। ফলে চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলার কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়া সদর দপ্তরের আওতায় দক্ষিণ চট্টগ্রামে ৬ লাখ ৩৪ হাজার গ্রাহক আছেন। গতকাল দুপুরে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক দিলীপ চন্দ্র চৌধুরী বন্যা ও বিদ্যুৎ পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে দিলীপ চন্দ্র চৌধুরী বলেন, গতকাল রাত ৯টা পর্যন্ত দক্ষিণ চট্টগ্রামে প্রায় ২ লাখ ৪৫ হাজার গ্রাহক বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিলেন। শঙ্খ নদে পানির উচ্চতা বেড়ে গিয়ে পটিয়া ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে গতকাল পর্যন্ত ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। গত পাঁচ দিনে পটিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ উপজেলাসহ আশপাশের এলাকায় বিদ্যুতের খুঁটি বিকল হয়েছে ১২১টি। এ ছাড়া ২৭টি ট্রান্সফরমার, ৬৩টি ক্রস আর্ম, ৪৮টি ইনসুলেটর, ৫টি এসিআর নষ্ট হয়েছে। ৪৫২টি স্থানে বিদ্যুৎ সঞ্চালনকারী তার ছিঁড়ে গেছে। এতে প্রায় ৬০ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ ছাড়া পানি উঠে যাওয়ায় দোহাজারী, সাতকানিয়া ও বোয়ালখালী উপকেন্দ্র চালু করা যাচ্ছে না।

মোটর চালাতে না পারায় পটিয়া, সাতকানিয়াসহ অনেক এলাকার মানুষ বিশুদ্ধ খাবার পানির সংকটেও ভুগছেন। বিদ্যুৎ না থাকায় মুঠোফোন চার্জ দিতে পারছেন না গ্রাহকেরা। ইন্টারনেট না থাকায় পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকে। এ ছাড়া ফ্রিজে রাখা পচনশীল দ্রব্য নষ্ট হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও।

সাতকানিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহক প্রায় ১৯ হাজার। আর পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক ৭৬ হাজারের অধিক। উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. সাইফুল আলম প্রথম আলোকে বলেন, দোহাজারী বিদ্যুৎ সরবরাহকেন্দ্র থেকে সাতকানিয়ায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। গত সোমবার রাত ৯টার দিকে দোহাজারী কেন্দ্রের সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। এর পর থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার কিছু এলাকায় সরবরাহ চালু করার চেষ্টা করা হচ্ছে।

সাতকানিয়া উপজেলার কাঞ্চনা এলাকার স্কুলশিক্ষক ছেনুয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘বিদ্যুৎ না থাকায় রান্নাবান্না, খাবার ও শৌচাগারের জন্য পানি তোলা যাচ্ছে না। অনেক কষ্ট করে দূর থেকে খাবার পানি আনতে হচ্ছে। ফ্রিজে রাখা সব মাছ-মাংস ফেলে দিতে হয়েছে। রাতের বেলা অন্ধকারে থাকতে হচ্ছে। এলাকার কোনো দোকানে মোমবাতিও পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে খুবই বিপদে আছি।’