সুনামগঞ্জের আকাশে রোদ, কমছে নদীর পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরমা নদীসহ সুনামগঞ্জের অন্যান্য নদ-নদীর পানি কমছে। আজ মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার এলাকায় সুরমা নদীর তীরে
ছবি: প্রথম আলো

এক সপ্তাহ পর আজ মঙ্গলবার সুনামগঞ্জের আকাশে রোদের দেখা মিলেছে। তবে সকালে কিছু সময় হালকা বৃষ্টি হয়েছে। গতকাল সোমবার রাতে বৃষ্টি হয়নি। এর ফলে সুরমা নদীসহ জেলার অন্যান্য নদ-নদীর পানি কমছে। এতে মানুষের মনে স্বস্তি ফিরেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, আজ দুপুর ১২টায় সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গতকাল একই সময়ে এখানে পানি ছিল বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে বৃষ্টি হয়েছে ৫০ মিলিমিটার। এর আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছিল ১৭০ মিলিমিটার। সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ১৩০ সেন্টিমিটার ওপরে রয়েছে। নদ-নদীর পানি কমলেও জেলার কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে পানি থাকায় মানুষের ভোগান্তি বেড়েছে।

গত কয়েক দিনের টানা বর্ষণ ও উজানের ঢলে জেলার সদর, দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, শান্তিগঞ্জ উপজেলায় পানি বেড়ে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। টানা ভারী বর্ষণে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েন। অনেকের মধ্যে গত বছরের মতো ভয়াবহ বন্যা হবে কি না, এ নিয়ে উদ্বেগ দেখা দেয়।

আরও পড়ুন

জেলার শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসাইন জানান, বন্যা না হলেও এলাকার গ্রামীণ রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পানি আছে। এতে মানুষের ভোগান্তি বেড়েছে। তবে বন্যা নিয়ে মানুষের মনে যে ভীতি সৃষ্টি হয়েছিল, এখন রোদ ওঠায় সেটা কেটেছে।

সুনামগঞ্জ পৌর শহরে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেয়। বিভিন্ন এলাকা থেকে পানি নামলেও নিচু এলাকায় পানি আছে। শহরের খালগুলো দখল-দূষণে ভরাট হয়ে যাওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। শহরের হাসননগর এলাকার বাসিন্দা আবু তাহের বলেন, খালগুলো উদ্ধার করতে না পারলে শহরের মানুষ জলাবদ্ধতার ভোগান্তি থেকে রেহাই পাবে না। এটা এখন বড় সমস্যা।

সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার জানিয়েছেন, বৃষ্টি না হলে পানি আরও কমবে। তবে হালকা ও মাঝারি বৃষ্টির পুর্বাভাস আছে। হাওর-নদী এখন পানিতে পরিপূর্ণ। তাই ভারী বৃষ্টি ও উজানের ঢল নামলে পানি আবারও বাড়তে পারে। তবে বড় বন্যার কোনো আশঙ্কা নেই।

সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়লেও সুনামগঞ্জের কোথাও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। যদি এ রকম পরিস্থিতি হয়, সেটি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া আছে।

আরও পড়ুন