ভোলায় ৫৪ ধারায় নারী কর্মী গ্রেপ্তার, মুক্তির দাবি জানাল জামায়াত
ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার দলের এক নারী কর্মীকে মুক্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী।
গতকাল সোমবার বিকেলে জামায়াতের জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের নেতারা এই দাবি জানান। অন্যথায় তাঁরা কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
গ্রেপ্তার নারীর নাম বিবি সাওদা (৩৭)। গত রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আদর্শ একাডেমি সড়কের এক বাসা থেকে তাঁকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে দণ্ডবিধির ৫৪ ধারায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ওই ঘটনার পর গতকাল বিকেলে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, জেলা জামায়াতের আমির জাকির হোসাইনের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন সেক্রেটারি হারুন অর রশিদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম মত প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেখানে মত প্রকাশের অভিযোগে কাউকে গ্রেপ্তার করা গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ। কোনো সুস্পষ্ট প্রমাণ ছাড়াই একজন নারী রাজনৈতিক কর্মীকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে জানতে চাইলে ‘ঊর্ধ্বতন নির্দেশের’ কথা বলা হচ্ছে।
জামায়াতের নেতারা জানান, বিবি সাওদার তিন বছর বয়সী একটি বাক্প্রতিবন্ধী সন্তান রয়েছে। পরিবারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনায় নেওয়ার অনুরোধ করা হলেও তা উপেক্ষা করা হয়েছে। তাঁরা অবিলম্বে বিবি সাওদার মুক্তির দাবি জানান; অন্যথায় পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে আজ মঙ্গলবার জেলা জামায়াতের সেক্রেটারি কাজী হারুন অর রশিদ বলেন, ‘আমরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে নারী কর্মীকে ছাড়াতে ব্যর্থ হয়েছি। তাঁরা জানিয়েছেন, ওপরের নির্দেশে তাঁকে আটক করা হয়েছে। আদালতে জামিন আবেদন করা হলেও তা মঞ্জুর হয়নি। মঙ্গলবার পুনরায় জামিনের আবেদন করা হবে।’
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘আমরা তাঁকে (বিবি সাওদা) আটক করিনি; সাইবার ক্রাইম শাখা আটক করেছে। তাঁর বিরুদ্ধে এখনো মামলা হয়নি; তদন্ত চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী লেখালেখির অভিযোগে তাঁকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’