যশোরে মাইকে ডাকাত ঘোষণা দিয়ে পিটুনি, যুবক নিহত
যশোর সদর উপজেলার গাইটগাছি গ্রামে প্রতিপক্ষের হামলায় মাসুদ রানা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে আজ বৃহস্পতিবার ভোর চারটার দিকে মসজিদের মাইকে ডাকাত ঘোষণা দিয়ে তাঁদের ওপর হামলা করা হয়।
নিহত মাসুদ রানা সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের সোহরাব হোসেনের ছেলে। আহত ব্যক্তিরা হলেন অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া গ্রামের জুলফিক্কার, মনিরামপুর উপজেলার করেরআইল গ্রামের সজিব মোল্লা, একই গ্রামের সুমন হোসেন, সুবলকাঠি গ্রামের ইসরাফিল ও বারপাড়া গ্রামের মঈনুদ্দিন।
পুলিশ, এলাকাবাসী ও হতাহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত মাসুদ রানা কেফায়েতনগর গ্রামে বসবাস করলেও তাঁদের মূল বাড়ি পাশের অভয়নগর উপজেলার বনগ্রামে। সেখানে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় মুরাদ, শিমুল নামের কয়েকজনের সঙ্গে মাসুদের বিরোধ ছিল। সম্প্রতি বনগ্রামের কাটাখাল এলাকার একটি মসজিদের গ্রিল চুরি হয়। ওই চুরির জন্য জুলফিক্কার নামের এক যুবককে অভিযুক্ত করেন মুরাদ, শিমুলসহ কয়েকজন। জুলফিক্কারের বাড়ি চেঙ্গুটিয়ায় হলেও বনগ্রামের পাশে গাইদগাছি গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ওই চুরির অভিযোগে জুলফিক্কারকে শ্বশুরবাড়ি যাওয়া বন্ধ করে দেন মুরাদ ও শিমুল।
এলাকাবাসী জানান, গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে মাসুদ ও তাঁর সহযোগীরা জুলফিক্কারকে তাঁর শ্বশুরবাড়ি পৌঁছে দিতে যান। খবর পেয়ে গভীর রাতে মুরাদ-শিমুলসহ ১০ থেকে ১২ জন মাসুদ ও তাঁর সহযোগীদের ওপরে হামলা করেন। এ সময় স্থানীয় মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেওয়া হয়। এতে স্থানীয় লোকজন মাসুদদের বেধড়ক মারধর করেন। একপর্যায়ে তাঁদের ভ্যানে তুলে বনগ্রাম কাটাখাল মোড়ে নিয়ে সবাইকে ফেলে পালিয়া যায় হামলাকারীরা। খবর পেয়ে অভয়নগর থানা-পুলিশ তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মাসুদকে মৃত ঘোষণা করেন এবং আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করেন।
বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল কাদের প্রথম আলোকে বলেন, সম্প্রতি গাইদগাছি ও আশপাশের গ্রামে প্রায় রাতে গরু চুরির ঘটনা ঘটছে। গতকাল দিবাগত রাত একটার দিকে সংঘবদ্ধ কয়েকজন গাইদগাছি গ্রামে আসেন। তাঁদের দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। তখন গাইদগাছি দক্ষিণপাড়া দাখিল মাদ্রাসা জামে মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেওয়া হয়। এরপর লোকজন বেরিয়ে তাঁদের গণপিটুনি দেন। এতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত শিমুলকে থানায় নিয়ে গেছে পুলিশ। শিমুল অভয়নগর উপজেলার প্রেমবাগ গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশের হেফাজতে থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযুক্ত অন্য ব্যক্তিরা এলাকাছাড়া হওয়ায় তাঁদেরও মন্তব্য পাওয়া যায়নি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কী কারণে মাসুদ রানাসহ অন্যদের ওপর হামলা হয়েছে, এখনো স্পষ্টভাবে জানা যায়নি। আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, নিহত মাসুদ রানার বিরুদ্ধে থানায় ১৫টি মাদক ও দুটি চাঁদাবাজির মামলা আছে। হত্যাকাণ্ডের সঙ্গে মাদকের যোগসূত্র থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।