রংপুরে ২৬ বছর পর আজ জেলা যুবলীগের সম্মেলন
দীর্ঘ ২৬ বছর পর আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে উজ্জীবিত যুবলীগের তৃণমূল নেতা-কর্মীরা। নগরজুড়ে এখন সাজ সাজ রব।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘিরে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কমিটিতে স্থান পেতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী ৪২ জন নেতা চেষ্টা চালাচ্ছেন। কমিটির অন্যান্য পদপ্রত্যাশীারা যুবলীগের কেন্দ্রীয়, বিভাগীয় দায়িত্বপ্রাপ্তসহ রংপুরে আওয়ামী লীগের শীর্ষ পদের নেতাদের কাছে ধরনা দিচ্ছেন।
তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভাপতি-সম্পাদক পদে বর্তমান জেলা যুবলীগের নেতারা ছাড়াও ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার নাম আলোচনায় আছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্মেলন ঘিরে সভাপতি ও সম্পাদক পদে ৪০ জনের বেশি নেতা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাঁদের মধ্যে সভাপতি পদপ্রার্থীরা হলেন রংপুর কলেজের সাবেক জিএস ওয়াসিমুল বারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লক্ষিণ চন্দ্র রায়, যুবলীগের নেতা মিজানুর রহমান, জেলা যুবলীগের সদস্য মাসুদ রানা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল হাসান, যুবলীগের নেতা সজীব মমতাজ, রাহেল চৌধুরী, যুবলীগ জেলা কমিটির সাবেক প্রচার সম্পাদক হাসানুল কবীর।
এ ছাড়া সাধারণ সম্পাদক পদ পেতে দৌড়ঝাঁপ করেছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহিন, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, যুবলীগের যুগ্ম আহ্বায়ক লুৎফে আরা, যুবলীগের নেতা ডিজেল আহমেদ, শহর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মাহফুজার রহমান।
রংপুর জিলা স্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ।
দুপুর থেকে বিকেল চারটা পর্যন্ত নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হবে।