‘এই নদীর মাছ মারিয়া হামার সংসার চলত, আর অ্যালা সেইঠে ধান চাষ হছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁও শহরের সুক নদের বুকে জেগে ওঠা চরে চাষ করা বোরো ধান কাটছেন এক কৃষক
ছবি: প্রথম আলো

‘নদীত একেবারেই পানি নাই। এই নদীর মাছ মারিয়া হামার সংসার চলত। আর অ্যালা সেইঠে ধান চাষ হছে।’ কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও পৌর শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদ এলাকার বাসিন্দা সনাতন দাস (৮৩)।

ঠাকুরগাঁও জেলায় টাঙ্গন, সুক, সেনুয়া, কুলিক, নাগরসহ ১৩টি নদ-নদী আছে। এসব নদ-নদীর বুকজুড়ে একসময় পানি থই থই করত। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন স্থানীয় মানুষ। উৎসমুখে ভারত বাঁধ ও জলকপাট নির্মাণ করায় কুলিক ও নাগর নদে পানিপ্রবাহ একেবারেই কমে গেছে। পানিপ্রবাহ না থাকায় এসব নদের বুকে জেগেছে বালুচর। এসব চরে এখন কৃষকেরা বোরো ধান আবাদ করেন। এখন সেই ধান কাটা ও মাড়াই চলছে।

স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, নিজের আবাদি জমি না থাকায় তাঁরা ফসল চাষাবাদ করতে পারেন না। তাই নদীর চরকে ফসল ফলানোর জন্য বেছে নিয়েছেন। অন্যদিকে, সেচ দেওয়া পানির চেয়ে নদীর চুয়ে আসা পানি বোরো চাষে অনেক বেশি উপকারী। এতে সার, সেচসহ সবকিছুতে সাশ্রয় হয়। নভেম্বরের পর থেকে পানি কমে গেলে বালুচর চাষের উপযোগী করে তোলার জন্য কাজে নেমে পড়েন স্থানীয় চাষিরা। চরে আল বেঁধে পানি আটকে রাখেন তাঁরা। পরে ফেব্রুয়ারির দিকে জমি সমান করার পর ধানের চারা রোপণ করেন।

সরেজমিন গতকাল শনিবার সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও রোড এলাকায় দেখা যায়, সুক নদের পাকা সেতুর দুই ধারে চরে আবাদ করা ধান কাটছেন কৃষক। সে সময় পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ছিট চিলারং মহল্লার বাসিন্দা মো. বাবুল বলেন, নদের বালুচরে আবাদ করায় খরচ কম লাগে। এখানে বোরো আবাদে পানির বাড়তি সেচ লাগে না। খুব বেশি সারও ব্যবহার করতে হয় না। যেটুকু ধান পাওয়া যায়, তাতে পরিবারের সবার চালের চাহিদা মিটে যায়। সুক নদের চরে ৫০ জনের বেশি কৃষক ধান চাষ করছেন।

সদর উপজেলার ঢোলারহাট এলাকার মো. হাসিমের নিজের কোনো জমি নেই। বোরো মৌসুম এলে সুক নদের বুকে তিনি ধান চাষ করেন। বর্ষায় পানির সঙ্গে যে পলি পড়ে, এতে ধানখেতে বাড়তি সার দিতে হয় না। সেচ দেওয়ার ঝামেলা নেই। প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ২০ মণ ধান পাওয়া যায়।

শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সেনুয়া নদীর বুকেও চলছে বোরো চাষাবাদ। সেখানেও এখন ধান কাটা-মাড়াই চলছে। বরুণাগাঁও গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এই নদীতে বর্ষাকাল ছাড়া সারা বছর পানি থাকে না। তখন ফসলের আবাদ চলে। সবুজ ফসল দেখে নদী চেনার উপায় থাকে না।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, ভূমিহীন কৃষকেরা সুযোগ পেলেই নদীর চরে চাষাবাদ করেন। এখন তাঁরা বোরো আবাদ করছেন।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মো. খালিদুজ্জামান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঠাকুরগাঁওয়ের নদ-নদীগুলো শুকিয়ে গেছে। এতে জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব পড়েছে। মাছ ও পাখির বিচরণক্ষেত্র কমে গেছে। মাছ বংশবিস্তারের জন্য পর্যাপ্ত পানি পাচ্ছে না। নদীর বুকে চাষাবাদ চলায় সেখানে কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এসব কীটনাশকের প্রভাবেও মাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীতে ধান বা ফসল ফলানো ও মাছের অবাধ বিচরণে বাধা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া বলেন, জেলার দু-তিনটি নদ-নদী ছাড়া সব কটিই প্রায় পানিশূন্য। এসব নদ-নদীর বুকে অনেকেই ধান চাষ করছেন। জীববৈচিত্র্য রক্ষায় তাঁদের নদ-নদীর বুকে ধান চাষাবাদ নিরুৎসাহিত করা হচ্ছে। এটা যে দণ্ডনীয় অপরাধ, সে বিষয়েও সচেতন করা হচ্ছে। এরপরও তাঁদের আটকানো যাচ্ছে না।