নরসিংদীতে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি ‘হত্যা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নরসিংদীতে সানজিদা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির শ্বশুরবাড়ির সদস্যরা বলছেন, ওরনার সাহায্যে ঘরের আড়ায় ঝুলে সানজিদা আত্মহত্যা করেছেন। আর সানজিদার বাবার বাড়ির লোকজনের দাবি, হত্যার পর ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।

গতকাল রোববার রাত ১১টার দিকে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা এলাকা থেকে সানজিদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সানজিদা আক্তার বাগহাটা গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মো. মাহবুব হোসেনের স্ত্রী। আট বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় মালয়েশিয়ায় আছেন মাহবুব। সানজিদার বাবার বাড়ি পাশের পাঁচদোনা ইউনিয়নের চাকশাল গ্রামে।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গতকাল রাত ৯টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান। লাশ উদ্ধারের পর তিনি সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। খবর পেয়ে গৃহবধূর বাবার বাড়ির লোকজনও সেখানে আসেন। ঘটনার পর থেকে গৃহবধূর দুই দেবর আল আমিন (২৮) ও মাঈনুল এবং ননদ সুমি আক্তার (১৮) পলাতক।

এসআই কামরুজ্জামান বলেন, গৃহবধূর শ্বশুরবাড়ির লোকেরা বলছেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সানজিদা। আর তাঁর পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন না পেলে এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। তিনি বলেন, পুলিশ লাশ ঝুলন্ত অবস্থায় পায়নি, বারান্দায় শোয়ানো অবস্থায় পেয়েছে।

সানজিদার চাচাতো বোন নাজমা আক্তার বলেন, ‘গতকাল বিকেলেও সানজিদার সঙ্গে আমার কথা হয়েছে। স্বাভাবিক লেগেছে আমার। পরে রাতে খবর পাই, সে নাকি আত্মহত্যা করেছে। বোনের আত্মহত্যা করার প্রশ্নই উঠে না। দুই দেবর ও ননদ মিলে বোনকে হত্যা করেছে।’

সানজিদার মা কুলসুম বেগম বলেন, বিয়ের পর থেকে স্বামীকে ছাড়াই মেয়ে শ্বশুরবাড়িতে থেকেছে। জামাতা দীর্ঘদিন পরপর কিছুদিনের জন্য দেশে আসত, আবার চলে যেত। নানা কারণে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মেয়ের কলহ ছিল। দেবরদের মারধরে একবার সানজিদার গর্ভপাত হয়েছে বলে তিনি দাবি করেন। এবার তাঁরা মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে সানজিদার দুই দেবর ও ননদের মুঠোফোনে কল করলে বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য জানা যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া বলেন, লাশের ময়নাতদন্তের পর প্রতিবেদন পেলে বোঝা যাবে কী ঘটেছে। তবে জিজ্ঞসাবাদের জন্য ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় গৃহবধূর পরিবারের সদস্যরা মামলা করবেন বলে পুলিশকে জানিয়েছেন।