শেরপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলার সপ্তম শ্রেণির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার গ্রেপ্তার ওই কিশোরকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।

গতকাল রোববার রাত ১০টার দিকে কিশোরীর মা বাদী হয়ে শেরপুর থানায় ওই কিশোরকে আসামি করে ধর্ষণ মামলা করেন। সেই মামলায় কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে গত ৮ জুন দুপুরে কিশোরীকে বিয়ের কথা বলে ধর্ষণ করে ওই কিশোর। গতকাল রোববার সন্ধ্যায় কিশোরীর বাড়িতে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে কিশোর। এ সময় কিশোরী চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এসে কিশোরকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয় লোকজন কিশোরকে পুলিশের কাছে সোপর্দ করেন।

কিশোরীর মা বলেন, তাঁরা স্বামী-স্ত্রী দুজনেই অন্যের জমিতে কাজ করে যে আয় করেন, সেই টাকা দিয়ে সংসার চালান। তাঁরা বাড়িতে না থাকার সুযোগে ওই কিশোর তার মেয়েকে বিয়ের কথা বলে ধর্ষণ করে। তিনি এ ঘটনার উপযুক্ত বিচার চান।

মামলার তদন্ত কর্মকর্তা শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর অভিযুক্ত কিশোরকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বগুড়ার আদালতে পাঠানো হয়েছে। ওই কিশোর তার বাবার কাঠের ব্যবসা দেখাশোনা করত।