ফেনীতে গরুর খামার থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
ফেনীতে এক প্রবাসীর খামার থেকে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। আজ বুধবার দুপুরে জেলার সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রাম থেকে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম বরুল আমিন (৩৫)। ফেনী আর্মি ক্যাম্পের দায়িত্বরত মেজর শাহরিয়ার প্রথম আলোকে এ অভিযানের বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের একটি টিম অভিযান পরিচালনা করে অস্ত্র উদ্ধার করেছে। তবে অস্ত্র উদ্ধার অভিযানে আমি ছিলাম না। এ বিষয়ে বিস্তারিত আমার জানা নেই।’
জানতে চাইলে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মর্ম সিংহ ত্রিপুরা বলেন, ‘গরুর খামার থেকে উদ্ধারকৃত পিস্তল ও গুলির বিষয়ে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত অস্ত্র ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।’