যশোরে কপোতাক্ষ নদ পুনঃখনন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে চার দফা দাবি জানিয়েছিল ‘কপোতাক্ষ বাঁচাও আন্দোলন’। পরে দাবি বাড়িয়ে পাঁচ দফা করা হয়। সেই দাবি বাস্তবায়নে আজ মঙ্গলবার বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার বেজিয়াতলা আলিম মাদ্রাসায় সভা করেছে সংগঠনটি।
সভায় নদ খনন তদারকির জন্য স্থানীয় জনগণকে নিয়ে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করা হয়েছে।
দাবিগুলো হলো নদের খননকাজের বিবরণ ও টাকার পরিমাণ উল্লেখ করে সাইনবোর্ড টাঙানো, শিডিউল অনুযায়ী নদ খনন করা, খননের মাটি নদের সীমানায় না ফেলা, নদীতট আইন মেনেই খননকাজ করা এবং চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গা-পদ্মার সঙ্গে ভৈরব নদের সংযোগ পুনঃস্থাপিত করা।
আজ বিকেল চারটায় বেজিয়াতলা আলিম মাদ্রাসার একটি কক্ষে সংগঠনটির সভা শুরু হয়। চলে সন্ধ্যা পৌনে ছয়টা পর্যন্ত। সভায় উপজেলার পানিসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য তরুণা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন কপোতাক্ষ বাঁচাও আন্দোলনের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, ঝিকরগাছা উপজেলার আহ্বায়ক আবদুর রহিম, ঝিকরগাছা উপজেলা কমিটির সদস্য আবদুর জব্বার, বিমল ঘোষ, সুবল বাবু ও আবদুল মমিন এবং জেলা কমিটির সদস্য সুভাষ চন্দ্র ভক্ত, শাহিন আহম্মেদ, জিল্লুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কপোতাক্ষ খনন প্রকল্পের প্রথম পর্যায়ের শুরুতে নদে কিছুটা প্রাণ ফিরেছিল। তবে সুফল দীর্ঘস্থায়ী হয়নি। নদের দ্বিতীয় পর্যায়ের খননকাজ শুরু হয়েছে। কিন্তু স্থানীয় জনগণের সঙ্গে এ ব্যাপারে কোনো মতবিনিময় হয়নি। কোথাও কোনো সাইনবোর্ডও টাঙানো হয়নি। এ কারণে সাধারণ মানুষকে বোকা বানিয়ে যেনতেনভাবে খননকাজ শেষ করতে চায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বক্তারা আরও বলেন, নদ খননে নদীতট আইন মানা হচ্ছে না। চৌগাছা ও ঝিকরগাছা এলাকায় নদ খননের মাটি নদের সীমানায় ফেলা হচ্ছে। তা ছাড়া নদের মাঝে খনন করা হচ্ছে না। এ কারণে নদ তিন ভাগে ভাগ হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনায় মাথাভাঙ্গা-পদ্মার সঙ্গে ভৈরব নদের সংযোগ পুনঃস্থাপিত করার ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এতে খননের পরও নদটি স্বাভাবিক প্রবাহ ফিরে না পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
সভা শেষে এলাকার প্রবীণ ব্যক্তি আবু তালেবকে আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট ঝিকরগাছা কপোতাক্ষ নদ খনন তদারকি কমিটি ঘোষণা করা হয়।
পাউবোর যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১ সাল থেকে ‘কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প (প্রথম পর্যায়)’ বাস্তবায়ন করে পাউবো। ২৮৬ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ শেষ হয় ২০১৭ সালে। এবার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৫৩১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয় ২০২০ সালে। শেষ হবে ২০২৪ সালে। প্রকল্পের আওতায় ছয়টি এলাকা পুনঃখনন ও ড্রেজিং করা হচ্ছে। কপোতাক্ষ নদ পুনঃখননের পর দুই পাড়ের মধ্যে দূরত্ব হবে ৫৫ থেকে ৭০ মিটার পর্যন্ত। কপোতাক্ষ নদ ও এর শাখা নদী মিলিয়ে মোট ২৮১ দশমিক ৭০ কিলোমিটার পুনঃখনন করা হবে। আর ড্রেজিং করা হবে ২৭ দশমিক ৩০ কিলোমিটার।