চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চার ঘণ্টা ফটক আটকে চাকসু নেতাদের অবস্থান, পরে এল ক্যাম্পাসে চক্রাকার বাস চালুর ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান অনুষদ পর্যন্ত চক্রাকার বাস চালুর দাবিতে ফটক আটকে প্রায় চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন চাকসুর কয়েকজন নেতা। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চারটি চক্রাকার বাস চালুর ঘোষণার পর তাঁরা ফটক থেকে সরে যান।
গতকাল সোমবার রাত পৌনে নয়টা থেকে চাকসু নেতাদের এ অবস্থান কর্মসূচি শুরু হয়। রাত একটার দিকে সেখানে উপস্থিত হয়ে চক্রাকার বাস চালুর দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন। এরপর ফটক থেকে সরে যান চাকসু নেতারা। আজ মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থীরা বিনা ভাড়ায় এতে যাতায়াত করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১ নম্বর গেট এলাকা থেকে এত দিন সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ ছোট বিভিন্ন যানবাহনে করে এত দিন শিক্ষার্থীরা ক্যাম্পাসে যাতায়াত করে আসছেন। সিএনজিচালিত অটোরিকশায় ১ নম্বর গেট থেকে ক্যাম্পাসের জিরো পয়েন্টে নির্ধারিত ভাড়া ৭ টাকা। তবে সম্প্রতি গ্যাস–সংকটের অজুহাতে ১০ টাকা করে ভাড়া নিয়ে আসছিলেন চালকেরা। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রায়ই চালকদের বাদানুবাদের ঘটনা ঘটে আসছে। গতকালও একইভাবে কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা-কাটাকাটির পর রাত আটটার দিকে অটোরিকশা চলাচল বন্ধ করে দেন চালকেরা। এরপর চক্রাকার বাস চালুর দাবি তুলে রাত পৌনে নয়টার দিকে চাকসুর কয়েকজন নেতা ফটকে অবস্থান কর্মসূচি শুরু করেন। তাঁদের সঙ্গে বেশ কিছু শিক্ষার্থীও অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঞা; যোগাযোগ ও আবাসনবিষয়ক সহসম্পাদক ওবায়দুল সালমান; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ; সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক হারেস মাতাব্বর; সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক জিহাদ হোসেইন; পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ; নির্বাহী সদস্য সালমান ফারসি প্রমুখ।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঞা বলেন, ‘সকাল থেকে চারটি বাস স্থায়ীভাবে ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান পর্যন্ত চলাচল শুরু করার ঘোষণার পর আমরা আমাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছি। আশা করি, নতুন বাস চালুর মাধ্যমে ক্যাম্পাসে যাতায়াতের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভোগান্তি কিছুটা কমবে। এসব বাসে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ভাড়া নেওয়া হবে না।’
গতকাল রাত একটার দিকে মূল ফটকে অবস্থানকালে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন বলেন, ‘শিক্ষার্থীরা এখানে বসে ছিল, তাদের একটাই দাবি ছিল, চক্রাকার বাস চালু করার। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা স্থায়ীভাবে চারটি চক্রাকার বাস চালু করব। এখন রাত হয়েছে, শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়া উচিত। আর গেট বন্ধ করার মতো অপসংস্কৃতি থেকে আশা করছি আমাদের শিক্ষার্থীরা দূরে সরে আসবে।’