খুলনার দুই মোড়ের নাম পরিবর্তনের বিষয়টি সাধারণ সভার সূচি থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশন ভবন
ফাইল ছবি: প্রথম আলো

হঠাৎ করেই খুলনা মহানগরের গুরুত্বপূর্ণ দুটি মোড়ের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। আজ রোববার সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করারও কথা ছিল। নাম পরিবর্তনের বিষয়টি সভার আলোচ্য সূচির পাঁচ নম্বরে ছিল। তবে আজ সাধারণ সভার আগে নাম পরিবর্তনের বিষয়টি বাদ দিয়ে কাউন্সিলরদের নোটিশ পাঠানো হয়েছে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশন ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সাধারণ সভাটি শুরু হয়। সভায় সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক যোগ দিয়েছেন। জানা গেছে, সভা শুরুর আগেই নাম পরিবর্তনের বিষয়টি বাদ দিয়ে কাউন্সিলরদের নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের স্বাক্ষর রয়েছে।

এর আগের আলোচ্যসূচির মধ্যে ছিল নগরের শিববাড়ি মোড়কে ‘বঙ্গবন্ধু চত্বর’ ও বর্তমান বঙ্গবন্ধু চত্বরের (ময়লাপোতার মোড়) নাম পরিবর্তন করে শহীদ শেখ আবু নাসের চত্বর করার প্রস্তাব। তবে নাম পরিবর্তনের বিষয়টি জানাজানি হলে নগরজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এমনকি আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই নাম পরিবর্তনের বিরোধিতা করছেন।

সম্প্রতি সাধারণ সভার আলোচ্য সূচিবিষয়ক একটি নোটিশ ওয়ার্ড কাউন্সিলরদের কাছে পাঠানো হয়। তাতে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলামের স্বাক্ষর রয়েছে। ওই নোটিশে সাধারণ সভার আলোচ্য সূচির ৫ নম্বরে ছিল নাম পরিবর্তনের বিষয়টি।

আরও পড়ুন

তবে ব্যাপক সমালোচনার মধ্যে গতকাল শনিবার বিকেলে মেয়র তালুকদার আবদুল খালেক গণমাধ্যমকে জানিয়ে দেন নগরের কোনো মোড়ের নাম পরিবর্তন করা হবে না। এমনকি মেয়র দাবি করেন, গুরুত্বপূর্ণ ওই দুই মোড়ের নাম পরিবর্তনের বিষয়ে তিনি কিছু জানেন না। এ বিষয়ে গতকাল বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কীভাবে ওই বিষয় অ্যাজেন্ডার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, তা আমি জানি না। তবে আমি থাকতে কোনোভাবেই সিটি করপোরেশনের কোনো জায়গার নাম পরিবর্তন হবে না।’

ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, নাম পরিবর্তনের বিষয়ে এর আগে কোনো সভায় আলোচনা হয়নি। হঠাৎ করে আলোচ্য সূচিতে তাঁরা নাম পরিবর্তনের বিষয়টি দেখছেন। কেন ও কী কারণে এমনটি করা হচ্ছে, তা তাঁরা জানেন না। সম্পূর্ণ মেয়রের ইচ্ছাতে এমনটি হচ্ছে বলে মনে করছেন তাঁরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নাম পরিবর্তনের সমালোচনার ব্যাপারটি তাঁরা দেখেছেন।