স্থায়ী অভয়াশ্রমের অভাবে জলাধারে বাড়ছে না মাছ

প্রায় এক বছর আগে পাঁচটি বিলকে স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঘোষণার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের মুক্ত জলাশয়ের মাছের জন্য পরিচিত। মাছের উৎপাদন বাড়াতে বিভিন্ন সময় হাওরের কিছু এলাকা অস্থায়ী অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সুষ্ঠু ও সুনির্দিষ্ট ব্যবস্থাপনা না থাকায় লাভ হয়নি। জেলেরা বলেন, মাছ উৎপাদনের জন্য দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা। অথচ বর্তমানে বাইক্কা বিল ছাড়া আর কোনো স্থায়ী মৎস্য অভয়াশ্রম নেই।

প্রশাসনিক সূত্র জানায়, প্রায় এক বছর আগে প্রাকৃতিক মাছের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় জাতের মাছ সংরক্ষণে পাঁচটি বিলকে স্থায়ী মৎস্য অভয়াশ্রম ঘোষণার প্রস্তাব করা হয়েছে। কিন্তু এখনো এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় হাকালুকি, কাউয়াদীঘি, হাইল হাওরসহ ছোট-বড় হাওর আছে। মনু, ধলাইসহ ছোট-বড় নদ-নদী, খাল আছে। কিন্তু বর্তমানে হাওরের বিল, হাওর-সংযুক্ত নদী-খাল ভরাট হয়ে যাচ্ছে। নির্বিচার বিল শুকিয়ে এবং বিল ও বিল সংযুক্ত খালে বিষ দিয়ে মাছ ধরা চলছে। নিষিদ্ধ কারেন্ট জালসহ অবৈধ জালের ব্যবহারসহ নানা কারণে মাছের উৎপাদন ক্রমশ কমছে। অনেক স্থানীয় প্রজাতির মাছ বিলুপ্ত, নয়তো বিলুপ্তপ্রায়। মাছের উৎপাদন বৃদ্ধিতে বিল ও খাল খনন করতে হবে।

* হাওরে উৎপাদিত মাছের যে পরিমাণ বলা হয়ে থাকে, তা নিয়েও অস্পষ্টতা আছে। * এ বছর ৫৩ হাজার ৯০৫ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এ অবস্থায় স্থায়ী মৎস্য অভয়াশ্রম মাছ উৎপাদনে বড় ভূমিকা রাখতে পারে। এই লক্ষ্যে বিভিন্ন সময় কিছু বিলকে অস্থায়ীভাবে মৎস্য অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে সাময়িক ভূমিকা রাখে। পরিকল্পনা ও ব্যবস্থাপনা না থাকায় দীর্ঘমেয়াদি ফল পাওয়া যায়নি। একমাত্র হাইল হাওরের বাইক্কা বিল ছাড়া আর কোনো স্থায়ী অভয়াশ্রম নেই।

স্থানীয় জেলেরা বলেন, অভয়াশ্রমের কারণে হাইল হাওরে স্থানীয় জাতের মাছের দেখা মিলছে। তবে এই বাইক্কা বিল নানা রকম সমস্যার মধ্যে আছে। বিলটি ভরাট হয়ে গেছে। শুষ্ক মৌসুমে পানি একেবারে কমে আসে। কিছু সুযোগসন্ধানী মানুষ জালের ফাঁদসহ বিভিন্নভাবে বিল থেকে মা মাছ ধরে নিয়ে যায়। এ ছাড়া হাইল হাওর এলাকায় অনিয়ন্ত্রিতভাবে মৎস্য খামার বেড়ে চলছে, যা হাওরের পরিবেশ ও প্রতিবেশের জন্য হুমকি সৃষ্টি করছে। হাওরের অস্তিত্বকে বিপন্ন করছে।

জেলা মৎস্য বিভাগ সূত্র জানায়, জেলা মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির একটি সভার সুপারিশের ভিত্তিতে জেলা মৎস্য বিভাগ গত বছর ১৪ মার্চ পাঁচটি স্থায়ী মৎস্য অভয়াশ্রম করার প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবিত বিলগুলো হচ্ছে হাইল হাওরের আগারি বিল ও সানন্দা বিল এবং হাকালুকি হাওরের মাইছলার ডাক বিল, কৈয়ারকোনা বিল ও কাংলি গোবরকুড়ি বিল। প্রস্তাব দেওয়ার প্রায় এক বছর হয়ে গেছে। কিন্তু এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মৎস্য বিভাগের কর্মকর্তারা বলেন, হাওরগুলোতে উৎপাদিত মাছের যে পরিমাণ বলা হয়ে থাকে, তা নিয়েও অস্পষ্টতা আছে। বিলের ইজারাদারেরা কী পরিমাণ, কোন জাতের মাছ ধরছেন, এর কোনো হিসাব ও তালিকা পাওয়ার সুযোগ নেই। এতে কী মাছ বাড়ল, কী মাছ কমল, তা জানা যায় না। অনেক সময়ই বিলের ইজারাদারেরা শর্ত মানেন না। যা মাছের বংশবৃদ্ধিকে ব্যাহত করছে। এ বছর জেলায় ৫৩ হাজার ৯০৫ মেট্রিক টন মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছর উৎপাদিত মাছের পরিমাণ ছিল ৫২ হাজার ৩২৫ মেট্রিক টন।

মৎস্য কর্মকর্তা মুহম্মদ মিজানুর রহমান বলেন, জেলায় যে পরিমাণ অভয়াশ্রম দরকার, তা নেই। স্থায়ী অভয়াশ্রম করতে পারলে মাছের উৎপাদন বেড়ে যাবে।