সিলেটে বিজ্ঞপ্তি দিয়ে গরুর মালিককে খুঁজছে পুলিশ

সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকা থেকে হেফাজতে নেওয়া একটি বকনা বাছুরের মালিকের সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেল পৌনে পাঁচটার দিকে মহানগর পুলিশ এ–সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বেলা দুইটার দিকে দক্ষিণ সুরমা থানার ভার্থখলার পুরাতন পুল (কিনব্রিজ) এলাকার মুখে স্থানীয় লোকজন মালিকবিহীন একটি বকনা বাছুর হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। বাছুরটির বয়স আনুমানিক এক বছর। এর গায়ের রং কালো। বর্তমানে এটি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে।

বাছুরটির প্রকৃত মালিককে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান অথবা দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, প্রকৃত মালিককে উপযুক্ত প্রমাণ দিয়ে বাছুরটি নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে অনুরোধ করা হয়েছে।