কেন্দুয়ায় কিশোরকে নির্যাতন করে মাথা ন্যাড়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু নির্যাতন
প্রতীকী ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে (১৩) বেঁধে রাতভর নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ওই কিশোরের মা বাদী হয়ে শিশু আইনে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলাটি করেন। পরে পুলিশ আটক করা দুই ব্যক্তিকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন উপজেলার বালাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাসিন্দা ব্যবসায়ী আবু তাহের ও একই গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সবুজ মিয়া।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালাইশিমুল ইউনিয়নের ওই কিশোর গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তার একজন আত্মীয়ের মুঠোফোন রিচার্জের কার্ড কিনতে স্থানীয় সরাপাড়া বাজারের যায়। এ সময় শাহিন মিয়া নামের এক মুদি ব্যবসায়ীর দোকানে পেছনের টিনের বেড়া ফাঁকা দেখতে পান অন্য কয়েকজন ব্যবসায়ী। এরপর ওই কিশোরকে চুরির অপবাদ দিয়ে চায়ের দোকানদার মতিউর রহমানের নেতৃত্বে কয়েকজন মিলে আটক করেন। পরে তাকে বেঁধে রাতভর নির্যাতন করা হয়।

গত বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনায় সরাপাড়া এলাকায় সালিস বসানো হয়। সালিসে মতিউর রহমান, ইউপি সদস্য সবুজ মিয়া, সাবেক ইউপি সদস্য হাদিস মিয়া, আবু তাহের, কামাল ব্যাপারী, ওমর ফারুক, আল আমিন, সিরাজ মিয়াসহ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন। সেখানে ওই কিশোরের মাথা ন্যাড়া করে দেওয়া হয় এবং তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার পরিবার ধারদেনা করে নগদ দুই হাজার টাকা এনে দিলে ছেড়ে দেওয়া হয়।

মাথা ন্যাড়ার ওই ভিডিও গতকাল সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে বিকেলে পুলিশ সুপারের নির্দেশে পুলিশ অভিযান চালিয়ে সবুজ মিয়া ও আবু তাহেরকে আটক করে থানায় নিয়ে যায়। ওই দিন রাতে কিশোরের মা বাদী হয়ে শিশু আইনে মামলা করেন। পরে ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়।

কিশোরের বাবা বাক্‌প্রতিবন্ধী। তার মা গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা গরিব মানুষ। খুবই কষ্ট কইরা চলি। তাই লোকজন চুরির মিথ্যা অপবাদ দিয়া আমার সহজ–সরল ছেলেডারে অত্যাচার নির্যাতন কইরা মাথা ন্যাড়া করছে। ঋণ কইরা মাতবররারে দুই হাজার টেহা আইন্না দিলে পরে ছাড়ছে। তারা এমন মারধরই করেছে যে সে ভবিষ্যতে কাজকাম করতারবো বলে মনে হয় না। আমার কইলিজার টুকরা ছেলেডা অহন লাজে ঘর থাইক্কা বাইর হয় না। কিছুই খায় না।’ তিনি ঘটনার সুষ্ঠু বিচার চান।

এ ব্যাপারে অভিযুক্ত মতিউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে পুলিশের হাতে আটক হওয়ার আগে ইউপি সদস্য সবুজ মিয়া মুঠোফোনে বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি রাতে এবং সকালেও চেষ্টা করেছিলাম সমাধান করার জন্য। কিন্তু কেউ-ই আমার কথা শোনেননি। আমার কথা না মানায় সালিস থেকে চলে গিয়েছিলাম।’

পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ প্রথম আলোকে আজ শনিবার সকালে বলেন, কিশোরকে মাথা ন্যাড়াসহ নির্যাতনের ভিডিওটি পুলিশের নজরে আসে। পরে অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।