বিচারক ও আইনজীবীদের একসঙ্গে কাজ করতে হবে: প্রধান বিচারপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শনিবার দুপুরে নগরের টাউনহলে তারেক স্মৃতি মিলনায়তনে
ছবি: প্রথম আলো

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারক ও আইনজীবী একে অপরের পরিপূরক। সাধারণ মানুষ যাতে সহজেই বিচার পান, সেই লক্ষ্যে বিচারক ও আইনজীবীদের বারবার অনুরোধ করেছেন একসঙ্গে কাজ করার। এতে মামলার জট ছাড়ানো যায়।

আজ শনিবার সকালে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য ‘ন্যায়কুঞ্জ’ নামের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এসব কথা বলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রধান বিচারপতি বলেন, ‘যারা বিচার বিভাগের সঙ্গে আছি, তাঁদের দায়িত্ব হলো বিচার বিভাগকে রাষ্ট্রের অগ্রগতির সঙ্গে খাপ খাইয়ে এগিয়ে নিয়ে যাওয়া। সেই প্রচেষ্টাই আমরা করে যাচ্ছি। যাতে করে যে মামলার জটটা শুরু হয়েছে, সেটিকে ছাড়িয়ে নেওয়া যায়।’ তিনি আরও বলেন, সারা দেশে ২০২২ সালে ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ সংখ্যক মোকদ্দমা নিষ্পত্তি হয়েছে এবং এই বছরেও মামলা নিষ্পত্তির অগ্রগতির পরিমাণ গত বছরের চেয়ে বেশি।

একই দিন প্রধান বিচারপতি ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। পরে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সদস্যদের উদ্দেশে নগরীর তারেক স্মৃতি মিলনায়তনে বক্তব্য দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অনুষ্ঠানে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এস কে এম তোফায়েল হাসান প্রমুখ।